খালেদা জিয়া অসুস্থ, তবে মনোবল শক্ত: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ শনিবার পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে গিয়ে কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন। কারাগার থেকে বের হয়ে মির্জা ফখরুল বলেছেন, ‘খালেদা জিয়া অসুস্থ। তবে তাঁর মনোবল যথেষ্ট শক্তিশালী আছে। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার বিকেলে পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের কারাগারে যান। বিকেল চারটায় তিনি কারাগারে ঢোকেন। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বিকেল পাঁচটা পর্যন্ত কথা বলেন তিনি। কারাগার থেকে বের হয়ে বিএনপির মহাসচিব জানান, খালেদা জিয়ার সঙ্গে কোনো রাজনৈতিক ও দলীয় আলোচনা হয়নি।
বিএনপির মহাসচিব জানান, এর আগে ঈদের দিন তিনি খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। কিন্তু দেখা করতে পারেননি। তাই আজ শনিবার দেখা করেছেন। মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়া অসুস্থ। তবে তাঁর মনোবল যথেষ্ট শক্তিশালী আছে। উনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে করা দুটি মামলা জামিনের অপেক্ষায় আছে। এই দুটিতে জামিন হলে তিনি কারাগার থেকে বের হয়ে আসতে পারবেন।
এর আগে গত বুধবার ঈদের দিন বিএনপির চেয়ারপারসন কারাবন্দী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন স্বজনেরা। তবে সেদিন স্বজনেরা দেখা করলেও পবিত্র ঈদুল আজহা উপলক্ষে তাঁদের বাসা থেকে আনা খাবার নিতে দেয়নি কারা কর্তৃপক্ষ। ওই দিন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছিলেন তাঁর বোন সেলিনা ইসলাম। তিনিও সাংবাদিকদের জানিয়েছিলেন যে, খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ নন।