খালেদা জিয়া আগামী সপ্তাহে লন্ডন যেতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী সপ্তাহে লন্ডন সফরে যেতে পারেন। দলের দায়িত্বশীল দুটি সূত্র জানিয়েছে, ১৫ সেপ্টেম্বর তাঁর লন্ডনের উদ্দেশে যাত্রার কথা রয়েছে।
এর আগে খালেদা জিয়ার লন্ডন সফরের দিনক্ষণ নিয়ে গত মাসে ব্যাপক ধূম্রজালের সৃষ্টি হয়েছিল। তখন বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছিল, চোখের চিকিৎসার জন্য খালেদা জিয়া লন্ডন যাবেন। ওই সময় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকের কাছে খালেদা জিয়ার আইনজীবীরা তাঁর চোখের চিকিৎসার কথা জানিয়ে বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন করেছিলেন। এবার অবশ্য সে ধরনের কোনো আবেদন করা হয়নি।
যদিও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় ১৭ সেপ্টেম্বর পরবর্তী শুনানির তারিখ ধার্য আছে। খালেদা জিয়া এ মামলার অন্যতম আসামি। তাঁর উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ চলছে।
খালেদা জিয়ার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন গতকাল বৃহস্পতিবার রাতে প্রথম আলোকে বলেন, ১৭ সেপ্টেম্বর খালেদা জিয়ার আদালতে উপস্থিত থাকা জরুরি নয়।
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, এটা বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সফর। তিনি সেখানে চোখের চিকিৎসা করাবেন। তারেক রহমানও সেখানে চিকিৎসাধীন আছেন। তাঁদের সঙ্গেও সময় কাটাবেন। তিনি বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান দুজনেই রাজনৈতিক নেতা। সেখানে রাজনৈতিক বিষয়ে আলোচনা হওয়াটাই স্বাভাবিক।