খালেদা জিয়া আজ আদালতে যাচ্ছেন
রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগে করা মামলাসহ পাঁচটি মামলায় আজ মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
যাত্রাবাড়ীতে বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যার অভিযোগে করা বিশেষ ক্ষমতা আইনের মামলায় গত ৩০ মার্চ খালেদা জিয়াসহ বিএনপির ২৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ আদালত। এ ছাড়া নাইকো দুর্নীতি মামলা, রাষ্ট্রদ্রোহ মামলা এবং নাশকতার অভিযোগে দুটি মামলা রয়েছে। নাশকতার মামলাগুলোতে খালেদা জিয়াকে হুকুমের আসামি করা হয়েছে।
খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া সব সময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। খালেদা জিয়া পৃথক এই পাঁচটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন।
বিএনপি-জামায়াত জোট আহূত টানা অবরোধ-হরতাল চলাকালে ২০১৫ সালের ২৩ জানুয়ারি রাতে যাত্রাবাড়ীর কাঠেরপুল এলাকায় গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাসে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এতে বাসের ২৯ যাত্রী দগ্ধ হন। তাঁদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১ ফেব্রুয়ারি মারা যান নূর আলম (৬০)। এ ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে যাত্রাবাড়ী থানায় এই মামলা করা হয়। একই ঘটনায় পুলিশের কর্তব্যকাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য আইনে আরেকটি মামলা করা হয়। ডিবি পুলিশ তদন্ত করে গত ৬ ও ১৯ মে খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে দুটি অভিযোগপত্র দেয়।