খালেদা জিয়া আজ ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আসছেন। বিকেলে শহরের নিয়াজ মুহাম্মদ উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠেয় ২০-দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। সমাবেশ উপলক্ষে গতকাল সোমবারের হরতাল সকালেই প্রত্যাহার করে নেওয়া হয়।
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগাম নির্বাচনের দাবিতে এবং গুম-খুন-নির্যাতন, জাতীয় সম্প্রচার নীতিমালা ও বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে নেওয়ার প্রতিবাদে ২০-দলীয় জোট আজ দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ ডাকে। সমাবেশ সফল করতে জেলা বিএনপি এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছে। নেত্রীকে স্বাগত জানাতে জেলার আশুগঞ্জ থেকে সমাবেশস্থলের প্রায় ১৫ কিলোমিটার সড়কজুড়ে শতাধিক তোরণ নির্মাণ করা হয়েছে।
সূত্র জানায়, প্রায় তিন বছর ধরে জেলা বিএনপির নেতৃত্ব দুই ধারায় বিভক্ত হয়ে আছে। জেলা বিএনপির সাবেক সভাপতি হারুন আল রশিদ আছেন এক পক্ষের নেতৃত্বে। অপর পক্ষের নেতৃত্ব দিচ্ছেন সদর উপজেলা বিএনপির সভাপতি খালেদ হোসেন মাহাবুব। ফলে উভয় পক্ষই সমাবেশে সভাপতির আসনটি নিজ বলয়ের নেতার মধ্যে ধরে রাখতে চাইছে। সমাবেশ উপলক্ষে যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহম্মদ গতকাল ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করেও এ সমস্যার সমাধান দিতে পারেননি।