খালেদা জিয়া আজ যুক্তরাজ্য যাচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ মঙ্গলবার যুক্তরাজ্যে যাচ্ছেন। রাত সাড়ে নয়টায় এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশে তাঁর যাত্রার কথা রয়েছে।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে তাঁর একান্ত সচিব এ বি এম আবদুস সাত্তার ও গৃহকর্মী ফাতেমা বেগমও যাচ্ছেন। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আবদুল আউয়াল মিন্টুসহ আরও একজন উপদেষ্টা এ সফরে যুক্ত হতে পারেন বলে দলের দায়িত্বশীল একটি সূত্র বলেছে।

বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, লন্ডনে খালেদা জিয়া চোখের চিকিৎসা করাবেন। যদিও তাঁর এই সফর নিয়ে বিএনপির নেতা-কর্মী এবং রাজনৈতিক মহলে বেশ আলোচনা আছে। বিষয়টি নিয়ে গত মাসে বেশ আলোচনা হয়। ওই সময় মন্ত্রী ও আওয়ামী লীগের একাধিক নেতা খালেদা জিয়ার লন্ডন সফরকে ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করে বক্তব্য দেন।

বিএনপির নেতা-কর্মীরা বলছেন, খালেদা জিয়ার লন্ডন সফর রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তাঁর এই সফর প্রায় ১৫ দিন দীর্ঘায়িত হতে পারে। দলীয় সূত্র বলেছে, সবকিছু ঠিকঠাক থাকলে যুক্তরাজ্য থেকে তিনি অন্য দুই-একটি দেশেও যেতে পারেন।