খালেদা জিয়া কারাগারে নজিরবিহীন সুবিধা পাচ্ছেন, মন্তব্য হাছান মাহমুদের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে নজিরবিহীন সুযোগ-সুবিধা পাচ্ছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, খালেদা জিয়া দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত একজন বন্দী। অথচ তিনি যে সুযোগ পাচ্ছেন, তা কোনো রাজবন্দীও পাননি।
বিএনপি নেতা রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদে করা এক সংবাদ সম্মেলনে হাছান মাহমুদ এ মন্তব্য করেন। বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
খালেদা জিয়ার সুযোগ-সুবিধার কথা উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, নিজের গৃহপরিচারিকা ফাতেমাকে রাখতে পারছেন। অত্যন্ত পরিপাটি একটি রুমে থাকছেন। সেখানে টেলিভিশন, ফ্রিজ, দৈনিক সংবাদপত্র, ব্যক্তিগত চিকিৎসক দ্বারা সার্বক্ষণিক স্বাস্থ্য পরীক্ষা করাসহ আধুনিক সব সুযোগ-সুবিধা পাচ্ছেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, প্রকৃতপক্ষে বিএনপি তাদের সুস্থ চেয়ারপারসনকে অসুস্থ হিসেবে উপস্থাপন করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।
নির্বাচন কমিশন সম্প্রতি আচরণবিধির একটি ধারা সংশোধনের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সংশোধিত ধারায় বলা আছে, সিটি করপোরেশন নির্বাচনে সংশ্লিষ্ট এলাকার সাংসদ নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবে। এ ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, এত দিন নির্বাচন কমিশনের যে বিধি ছিল, সেটি আওয়ামী লীগের জন্য বৈষম্যমূলক ছিল। সংশোধন করা হলে বৈষম্য পুরোপুরি না হলেও কিছুটা কমবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন প্রমুখ।