খালেদা জিয়া কাল জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুভ জন্মাষ্টমী উপলক্ষে কাল শনিবার রাতে হিন্দুধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। ওই দিন সকালে কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবে দলটি।
দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকাল সাতটায় বিএনপির উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদসংলগ্ন কবির কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে। বিজ্ঞপ্তিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতা-কর্মীদের কবর প্রাঙ্গণে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে বলেন, প্রতিবারের মতো এবারও খালেদা জিয়া হিন্দুধর্মাবলম্বীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে জন্মাষ্টমীর শুভেচ্ছা বিনিময় করবেন। শনিবার রাত সাড়ে আটটায় গুলশানের কার্যালয়ে এ অনুষ্ঠান হবে।