
ভিভিআইপি ও ভিআইপি ছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা অন্য সব নাগরিককে পলাশী দিয়ে আসতে হবে। ভিআইপিরা এলাকা ত্যাগ করার পর বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একুশের প্রথম প্রহরে আসার অনুমতি পেলেও তিনি দোয়েল চত্বর দিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আসতে পারবেন কি না, তা চূড়ান্ত নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁকে আসার অনুমতি দিলেও তিনি কোন পথ দিয়ে আসবেন সে সিদ্ধান্ত নেবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
মহান ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় চার স্তরের নিরাপত্তা গড়বে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া গতকাল রোববার সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতা, কূটনৈতিক মিশনের সদস্যরা শহীদ মিনারে আসবেন দোয়েল চত্বর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে দিয়ে। এর বাইরে অন্য সবাইকে পলাশীর মোড় হয়ে জগন্নাথ হলের সামনে দিয়ে শহীদ মিনারে আসতে হবে।
ডিএমপি কমিশনার বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরা শ্রদ্ধা জানিয়ে ফিরে যাওয়ার পরেই পলাশীর ফটকটি খুলে দেওয়া হবে। এবার যেন কোনোভাবে কেউ উল্টো পথে শহীদ মিনারে ঢুকতে না পারে, জুতা পায়ে বেদিতে উঠতে না পারে সে জন্য কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও প্রভাতফেরিতে অংশ নেওয়া সবার প্রতি নিরাপত্তা বজায় রাখার আহ্বান জানিয়েছেন।
এদিকে ভিআইপিরা চলে যাওয়ার পরপর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে চান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ কারণে তিনি অনুমতি নিতে দলের তাঁর উপদেষ্টা আমান উল্লাহসহ চারজন নেতাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে কথা বলার জন্য পাঠান। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিভিআইপি ও ভিআইপিরা চলে যাওয়ার পর পর শহীদ মিনারে আসার অনুমতি দিয়েছে। কর্তৃপক্ষ বিশৃঙ্খলা এড়াতে সীমিতসংখ্যক নেতা-কর্মী নিয়ে ফুল দিতে আসার জন্য বিএনপি প্রতিনিধিদলকে বলেছে।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ভিভিআইপি ও ভিআইপিরা চলে যাওয়ার পর বিএনপি চেয়ারপারসনকে আসার অনুমতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কোনো সমস্যা নেই। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন কোন পথ দিয়ে আসবেন সেটা ঠিক করবে পুলিশ। বিএনপিকে এ ক্ষেত্রে পুলিশের অনুমতি নিতে হবে। এখানে বিশ্ববিদ্যালয়ের কিছু করার নেই।
পুলিশের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের ক্ষেত্রে কোনো যোগ্যতা বা পদের মধ্যে পড়েন না বিএনপি নেত্রী খালেদা জিয়া। সাবেক সরকারপ্রধান হিসেবেও এখানে তিনি প্রটোকল পাবেন না। তাই তাঁকে পলাশী মোড় দিয়েই ঘুরে আসতে হবে। পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় শহীদ মিনারের সার্বিক তত্ত্বাবধানকারী ও একুশে ফেব্রুয়ারি অনুষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় অনুমতি দিতে পারে। তবে ডিএমপি কমিশনার যে নিরাপত্তা পরিকল্পনার কথা জানিয়েছেন, এর কোনো ব্যত্যয় হবে না। পলাশী দিয়ে সাধারণ মানুষের কাতারেই খালেদা জিয়া ও বিএনপির লোকজনকে শহীদ মিনারে ঢুকতে হবে।