জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘জনগণের প্রত্যাখ্যানের মুখে খালেদা জিয়া বাসভবনে ফিরে গেছেন। তিনি গর্তে ঢুকেছেন। কিন্তু সন্ত্রাসী পথ ছাড়ার ঘোষণা দেননি। আগুন-যুদ্ধ বন্ধ করার অঙ্গীকার করেননি। আগুনে পোড়া মানুষদের কাছে তিনি ক্ষমা চাননি। এখন সিটি করপোরেশন নির্বাচন তিনি দম ফেলার কৌশল হিসেবে গ্রহণ করেছেন।’
গতকাল রোববার দুপুরে জাসদের মানিকগঞ্জ জেলা সম্মেলনের প্রথম পর্বে প্রধান অতিথির বক্তব্যে হাসানুল হক ইনু এসব কথা বলেন। জেলা শহরের বিজয় মেলার মাঠে এই সম্মেলনের আয়োজন করা হয়।
জাসদের মানিকগঞ্জ শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ইকবাল হোসেন খানের সভাপতিত্ব সম্মেলনে আরও বক্তৃতা করেন দলের স্থায়ী কমিটির সদস্য সাংসদ শিরিন আক্তার, সহসভাপতি মীর হোসেন আক্তার, স্থায়ী কমিটির সদস্য সাংসদ লুৎফা তাহের, সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান প্রমুখ।