খালেদা জিয়া জনগণের শত্রুর খাতায় নাম লেখাচ্ছেন: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যদি জঙ্গিদের পক্ষ না নিতেন, সঙ্গ না দিতেন, তাহলে অনেক আগেই জঙ্গি নির্মূল সম্ভব হতো বলে মনে করেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। আজ শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাসদ আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
জঙ্গি হামলা ও সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে সারা দেশে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে ঢাকা মহানগর জাসদ এ কর্মসূচির আয়োজন করে।
জাসদ সভাপতি বলেন, শোলাকিয়া ও গুলশানের হত্যাকাণ্ডের ঘটনা প্রমাণ করে, জঙ্গিরা মানুষ নয়, দানব। নারী, শিশু, বৃদ্ধ, ধর্মীয় নেতাদের হত্যা করে তারা নিজেদের ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। তারা হাজার বছরের ইসলামি রীতিনীতিকেও ধ্বংস করতে চায়।
হাসানুল হক ইনু বলেন, ‘জঙ্গি নির্মূলে বিশ্বের শক্তিশালী দেশগুলোও হিমশিম খাচ্ছে। কিন্তু আমরা জঙ্গি দমনে সক্ষমতা দেখাচ্ছি।’ বিএনপি চেয়ারপারসনের সমালোচনা করে মহাজোট সরকারের এ মন্ত্রী আরও বলেন, জঙ্গিদের সঙ্গ ত্যাগ না করে বিএনপি চেয়ারপারসন জনগণের শত্রুর খাতায় নাম লেখাচ্ছেন।
সারা দেশে সন্ত্রাসবিরোধী কমিটিতে জাসদ নেতা-কর্মীদের যুক্ত হওয়ার নির্দেশ দেন জাসদ সভাপতি। একই সঙ্গে জনগণকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সন্ত্রাসবিরোধী কমিটিতে অংশ নিয়ে দেশের জনগণ সন্ত্রাসবিরোধী লড়াইয়ে শামিল হবেন। সন্ত্রাসীদের চিহ্নিত করতে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
জাসদের সাধারণ সম্পাদক শিরীন আখতার বলেন, যারা বাংলাদেশকে অকার্যকর করার চেষ্টায় লিপ্ত, তারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্রে লিপ্ত। সন্ত্রাস, জঙ্গি হামলা ও গুপ্তহত্যা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে সন্ত্রাসী ও জঙ্গিবাদীদের ঠাঁই হবে না বলেও হুঁশিয়ারি দেন।
মীর হোসেন আকতারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন শাহ জিকরুল আহমেদ, নাদের চৌধুরী, নাইমুল আহসান জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু প্রমুখ।