আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, দেশ ধ্বংস করে হলেও খালেদা জিয়া ক্ষমতায় যেতে চান। জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নিয়ে দেশকে পুড়ে ছারখার করে তিনি ক্ষমতায় যেতে চেয়েছিলেন।
গতকাল শনিবার লক্ষ্মীপুর শহরের উত্তর তেমুহনী এলাকায় জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জনসভায় মাহবুব উল আলম হানিফ আরও বলেন, বিএনপি-জামায়াত দেশের মানুষকে মেরে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিল। তারা দেশকে অন্ধকারের দিকে নিয়ে গিয়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর জঙ্গি দমন, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, কৃষি ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের মাধ্যমে দেশকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেন, খালেদা জিয়া এখন আন্দোলনের ডাক দিলেও নেতা-কর্মীরা সাড়া দিচ্ছেন না। কারণ, দেশের মানুষ এখন শান্তিতে আছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি মিয়া গোলাম ফারুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, লক্ষ্মীপুর সদর আসনের সাংসদ এ কে এম শাহজাহান কামাল, রামগতি ও কমলনগর আসনের সাংসদ আবদুল্যাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান শামছুল ইসলাম, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, জেলা যুবলীগের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সালাহ্ উদ্দিন।
শনিবার দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ মিছিল নিয়ে সভায় যোগ দেন। এ সময় লক্ষ্মীপুর বাস টার্মিনাল থেকে শহরের ঝুমুর সিনেমা হল এলাকা পর্যন্ত লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে তীব্র যানজট দেখা দেয়। রাস্তার দুই পাশে আটকা পড়ে বিপুলসংখ্যক যানবাহন।