খালেদা জিয়া দেশবিরোধী ষড়যন্ত্র করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে গিয়ে ছেলে তারেক রহমানের কাছে বসে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশবিরোধী ষড়যন্ত্র করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। গতকাল শনিবার দুপুরে রাজশাহীতে এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

১৪ সেপ্টেম্বর রাজশাহীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা উপলক্ষে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে এই মতবিনিময় করেন জাহাঙ্গীর কবির নানক। কুমারপাড়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভার আয়োজন করা হয়।

এ সময় নানক বলেন, তারেক রহমান দেশে লুটপাট চালিয়েছিলেন। তিনি দেশে রক্তের হোলি খেলেছিলেন। এরপর দেশ থেকে পালিয়েছেন। সেই তারেক রহমানের কাছে গিয়ে বেগম খালেদা জিয়া নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। অথচ এই বেগম খালেদা জিয়া রাষ্ট্রক্ষমতায় বসে দেশকে অচল রাষ্ট্রে পরিণত করেছিলেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন, তাদের খাবারের ব্যবস্থা করছেন। আবার নির্যাতন বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন। পরিস্থিতি স্বাভাবিক করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। এমন ভূমিকায় প্রধানমন্ত্রী এখন বিশ্বে প্রশংসিত। রাজশাহীর পবার হরিয়ান চিনিকল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান জাহাঙ্গীর কবির নানক।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান লিটন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ওমর ফারুক চৌধুরী ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন। সভায় রাজশাহী ও আশপাশের জেলার সাংসদেরা ছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।