খালেদা জিয়া দেশের জন্য বিপজ্জনক: ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর দল বিএনপি বাংলাদেশের জন্য বিপজ্জনক। সমৃদ্ধ দেশ গড়তে ‘জঙ্গিবাদ এবং জঙ্গি পাহারাদার বিএনপি-খালেদা জিয়াকে’ বর্জন করতে হবে।

আজ বৃহস্পতিবার স্বাধীনতা দিবস উপলক্ষে পতাকা মিছিলের আগে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে ইনু এসব কথা বলেন। ইনুর নেতৃত্বাধীন জাসদ ওই পতাকা মিছিলের আয়োজন করে। সমাবেশ শেষে একটি মিছিল জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে ইনু বলেন, বাংলাদেশ এত দিনে আরও এগিয়ে যেতে পারতো। কিন্তু সামরিক হস্তক্ষেপ ও সাম্প্রদায়িক জঙ্গিবাদের উৎপাত সে অগ্রযাত্রা ব্যাহত করেছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ঘুরে দাঁড়াচ্ছে। এ যাত্রাকে আরও একধাপ এগিয়ে নিতে দেশকে জঙ্গি-রাজাকার, বৈষম্য ও দলবাজি-দুর্নীতি থেকে মুক্ত করতে হবে। সে জন্য প্রয়োজন জঙ্গিবাদ এবং জঙ্গি পাহারাদার বিএনপি-খালেদা জিয়াকে বর্জন। কারণ খালেদা জিয়া এবং বিএনপি এখনো বঙ্গবন্ধু, একাত্তরে শহীদ ও মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যাচার করে চলেছে, এখনো তারা জামাত-জঙ্গি-আগুন সন্ত্রাসী-যুদ্ধাপরাধীদের সঙ্গ ত্যাগ করেনি।

জাসদের সাধারণ সম্পাদক শিরিন আকতার বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়ার পথে বারবার ষড়যন্ত্রের মুখে পড়তে হয়েছে। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখনো ষড়যন্ত্র চলছে। তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আজ সকালেই জাসদ থেকে বেরিয়ে আলাদা জাসদের কমিটি ঘোষণা করে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন অংশ। এ বিষয়ে সমাবেশে ইনুর অংশের নেতারা কোনো বক্তব্য দেননি। সমাবেশ শেষে হাসানুল হক ইনুর সঙ্গে কথা বলতে চাইলে তিনি রাজি হননি।

জাসদের সহসভাপতি মীর হোসাইন আখতারের সভাপতিত্বে অন্যদের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন, জাতীয় নারী জোটের আহ্বায়ক আফরোজা হক, জাসদের সহসভাপতি হাবিবুর রহমান প্রমুখ বক্তব্য দেন।