খালেদা জিয়া নির্বাচনে অযোগ্য হচ্ছেন?

দুর্নীতির মামলায় দ্রুত সাজা দিয়ে খালেদা জিয়াকে আগামী নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হতে পারে—বিএনপিতে এমন আশঙ্কা আছে। সরকারি দলের সূত্রগুলো বলছে, খালেদা জিয়ার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলায় রায় হলেও হাইকোর্ট ও আপিলসহ আইনি সব প্রক্রিয়া আগামী সংসদ নির্বাচনের আগে শেষ হওয়ার সম্ভাবনা কম। তবে নির্বাচন পর্যন্ত খালেদা জিয়াকে মামলা-আপিল এসব আইনি প্রক্রিয়ার মধ্যে ব্যস্ত রাখতে চায় সরকার।
আওয়ামী লীগের একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়া সাজা এড়াতে পারবেন না। আওয়ামী লীগও চায় দুর্নীতির দায়ে খালেদা জিয়ার সাজা হোক, যাতে নির্বাচনের আগে সেটা প্রচার করে রাজনৈতিক সুবিধা নেওয়া যায়। খালেদা জিয়াকে আগামী নির্বাচন থেকে দূরে রাখা হবে কি না, সে ব্যাপারে সরকারি দলের নীতিনির্ধারকেরা এখনো পুরোপুরি সিদ্ধান্তে না পৌঁছালেও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিষয়ে সরকারের অবস্থান মোটামুটি ঠিক করা আছে। আগামী নির্বাচনের আগেই তারেক রহমানের বিরুদ্ধে থাকা কোনো না কোনো মামলার রায় হয়ে যাবে। তিনি আইনের চোখে পলাতক। দেশে ফিরে তিনি আত্মসমর্পণ না করে আইনি প্রতিকার চাইতে পারবেন না।
অবশ্য সরকার-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নতুন আইন করার চিন্তাও আছে, যাতে কারও নিম্ন আদালতে সাজা হলেই পরবর্তী পাঁচ বছর নির্বাচনের জন্য তিনি অযোগ্য হয়ে পড়েন। অবশ্য এটা নির্ভর করবে সামনের রাজনৈতিক প্রেক্ষাপটের ওপর।
আওয়ামী লীগের উচ্চপর্যায়ের সূত্র বলছে, নির্বাচনকালীন সহায়ক সরকার প্রশ্নে বিএনপির দাবি মানা হবে না। এমনকি ২০১৪ সালের নির্বাচনের আগে নির্বাচনকালীন মন্ত্রিসভায় বিএনপিকে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয় দেওয়ার যে প্রস্তাব সরকার দিয়েছিল, এবার সেই অবস্থানে আর নেই। আওয়ামী লীগের নেতারা বলছেন, তাঁরা মনে করছেন, বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে। তাই একেবারে বাধ্য না হলে কোনো ছাড় দেওয়া হবে না।
খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে করা পাঁচটি মামলা আছে। সব কটির বাদী দুর্নীতি দমন কমিশন (দুদক)। পাঁচটি মামলাই বিচারাধীন। সব মামলাই এক-এগারোর সময় করা। এর বাইরে বর্তমান সরকারের আমলে নাশকতাসহ আরও বেশ কিছু মামলা হয়েছে। এর মধ্যে জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারকাজ এগিয়ে আছে। এই দুই মামলায় খালেদা জিয়া আত্মপক্ষ সমর্থনে চার দফা বক্তব্য উপস্থাপন করেছেন। বাকি বক্তব্য উপস্থাপনের জন্য ১৬ নভেম্বর পরবর্তী তারিখ দিয়েছেন আদালত। এরপর সাফাই সাক্ষী, যুক্তিতর্ক অনুষ্ঠিত হবে। তারপর রায়। রায়ের পর হাইকোর্ট, আপিল বিভাগ ও রিভিউ আবেদনসহ যেসব আইনি প্রক্রিয়া রয়েছে, তা শেষ হতে অনেক সময় লাগবে।
>নির্বাচন পর্যন্ত বিএনপি নেত্রীকে মামলা নিয়ে ব্যস্ত রাখতে চায় সরকার
অবশ্য খালেদা জিয়া আদালতে বলেছেন, ‘আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধেও দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, চাঁদাবাজিসহ বিভিন্ন সময় মামলা হয়েছে। কিন্তু তাঁর পরম সৌভাগ্য, আমার মতো কখনো এমন করে আদালতে হাজিরা দিতে হয়নি।’
আওয়ামী লীগের সূত্রগুলো বলছে, ২০১৪ সালে দ্বিতীয় মেয়াদে সরকার গঠনের পর আওয়ামী লীগের নীতিনির্ধারকদের কেউ কেউ খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিষয়ে কঠোর হওয়ার পক্ষে ছিলেন। দ্রুত মামলায় সাজা করিয়ে খালেদা জিয়াকে পরবর্তী নির্বাচনে অযোগ্য করার চিন্তাও ছিল। এমনকি একটা সময় খালেদাকে বাদ দিয়ে বিএনপির একাংশকে নির্বাচনে আনার পরিকল্পনাও করা হয়েছিল। সেটা এখনো আছে। কারণ প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হলে বর্তমান মন্ত্রী ও সাংসদদের মধ্যে কতজন জিতে আসতে পারবেন, তা নিয়ে তাঁদের অনেকের মধ্যে সংশয় আছে।