খালেদা জিয়া ব্যর্থতার গ্লানি নিয়ে বাড়ি ফিরেছেন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার পতনের ডাক দিয়ে তিন মাস দলীয় কার্যালয়ে অবস্থান শেষে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে আত্মসমর্পণ করে বাড়ি ফেরাকে সরকারের ‘বিজয়’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এ বিজয় ধরে রাখার জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।
গতকাল মঙ্গলবার গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী ও দলীয় সভানেত্রী এ মন্তব্য করেন। বৈঠকে তিনি খালেদা জিয়া ‘পরাজিত’ হওয়ায় নেতা-কর্মীদের ধন্যবাদ ও অভিনন্দন জানান।
বৈঠকের সূচনা বক্তব্যের পর শেখ হাসিনা মহানগর নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন। তখন দল-সমর্থিত মেয়র ও একক কাউন্সিলর প্রার্থীর বিজয়ের ব্যাপারে নগরের নেতারা বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। বৈঠকে দল-সমর্থিত একক প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়।
শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বলেছিলেন, সরকারের পতন না ঘটিয়ে তিনি ঘরে ফিরে যাবেন না। তিনি ভেবেছিলেন, দলীয় কার্যালয়ে বসে মানুষকে পুড়িয়ে মারার হুকুম দিয়ে সরকারের পতন ঘটিয়ে বিজয়ের মালা নিয়ে ঘরে ফিরবেন। তাঁকে পরাজিত হয়ে আদালতে আত্মসমর্পণ করে ব্যর্থতার গ্লানি নিয়েই ঘরে ফিরতে হয়েছে। তিনি বলেন, সন্ত্রাসী দিয়ে বোমা মেরে জনগণের মত পরিবর্তন করা যায় না। তিনি গুহা থেকে বের হয়েছেন। এই বিজয় জনগণের। কালবৈশাখী যেকোনো সময় আসতে পারে। আর তা মোকাবিলায় সবাইকে সতর্ক থাকতে হবে।
প্রধানমন্ত্রী বলেন, জনগণই প্রধান শক্তি। কতিপয় সন্ত্রাসী দিয়ে বোমা মেরে পুড়িয়ে হত্যা করে যে জনগণের মতামত পরিবর্তন করা যায় না, তা আবারও প্রমাণ হয়েছে। ৯২ দিন ধরে মানুষ হত্যা করা আর দগ্ধ হয়ে নিহত ও আহতদের ভয়াল যন্ত্রণা, কষ্টই বিএনপির নেত্রীর একমাত্র সফলতা। তিনি বলেন, ‘খালেদা জিয়া ৯২ দিন ধরে দলীয় কার্যালয়ে স্বেচ্ছায় নিজেকে অবরুদ্ধ রেখে হুকুম দিয়ে মানুষকে পুড়িয়ে হত্যা করিয়েছেন। সারা দেশে নাশকতা-সহিংসতা ও ধ্বংসযজ্ঞ চালিয়েছেন। অতীতেও নানা সময় দেশ ও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে। কিন্তু সব ষড়যন্ত্রই ব্যর্থ হয়েছে। দেশ আজ এগিয়ে যাচ্ছে। কেউ তা থামিয়ে রাখতে পারবে না।’
শেখ হাসিনা বলেন, ৯২ দিন ধরে দেশের মানুষকে কী নির্যাতনই না করলেন বিএনপির নেত্রী। এমনকি নিজের ছেলের মৃত্যুর পর দেশে লাশ আসার সময়ও হরতাল-অবরোধ চালিয়ে গেলেন। তিনি বলেন, খালেদা জিয়ার সব অবরোধ-হরতাল দেশের জনগণ প্রত্যাখ্যান করেছিল। তাদের হরতাল-অবরোধ কলের গানের ভাঙা রেকর্ডের মতোই শুধু ছিল। বাস্তবে তার কোনো প্রভাব ছিল না।
শেখ হাসিনা বলেন, ‘একজন রাজনীতিবিদ আন্দোলন করেন জনগণের কল্যাণের জন্য। কিন্তু জনগণকে হত্যা করার আন্দোলন কখনো দেখিনি। বরং আন্দোলনকারীরা মৃত্যুবরণ করেন।’ তিনি বলেন, বিএনপির নেত্রী আদালতে যেতে চান না। কারণ, চোরের মন পুলিশ পুলিশ। এতিমের টাকা মেরে খেয়েছেন বলেই তিনি আদালতে যান না।
বৈঠকে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, সাহারা খাতুন, মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুর রাজ্জাক, ফারুক খান, হাছান মাহমুদ ছাড়াও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদপ্রার্থী সাঈদ খোকন উপস্থিত ছিলেন।