খালেদা জিয়া মিথ্যাচার ও জালিয়াতের নেত্রী: রাজ্জাক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রাজ্জাক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আপসহীন নেত্রী নন, তিনি মিথ্যাচার ও জালিয়াতের নেত্রী। বিএনপি এখন মিথ্যাচার এবং জালিয়াতের ওপর টিকে আছে।
আজ বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আবদুর রাজ্জাক এসব কথা বলেন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শাহবাগ থানা ইউনিট আবদুর রাজ্জাক, আবদুস সোবহান গোলাপ ও কামরুল ইসলামকে সংবর্ধনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে। কেন্দ্রীয় কমিটিতে পদ পাওয়ায় এই তিনজনকে সংবর্ধনা দেয় শাহবাগ থানা ইউনিট।
খালেদা জিয়ার আন্দোলন ব্যর্থ হয়েছে উল্লেখ করে রাজ্জাক বলেন, ‘সব আন্দোলনে ব্যর্থ হয়ে তিনি এখন নতুন পথ বেছে নিয়েছেন। আমরা দেখেছি, নাসিরনগরে, ব্রাহ্মণবাড়িয়াতে সাম্প্রদায়িকতাকে উসকে দিয়েছে এই স্বাধীনতাবিরোধী চক্র। নাসিরনগরে যা-ই হোক—আমি জিজ্ঞাসা করতে চাই, ঠাকুরগাঁও, ঝিনাইদহ পূজামণ্ডপে ও হিন্দুদের বাড়িতে কেন আগুন দেওয়া হয়। তারা কারা, যারা ক্ষমতায় যাওয়ার জন্য ধর্ম ও সাম্প্রদায়িকতাকে রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে।’
নির্বাচন কমিশন নিয়ে খালেদা জিয়ার প্রস্তাব বাস্তবসম্মত নয় উল্লেখ করে রাজ্জাক বলেন, ‘নির্বাচন কমিশন কীভাবে হবে বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে লেখা রয়েছে। রাষ্ট্রপতি কোনো দলের নন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের সবার সম্মানে তিনি বিবেক দ্বারা পরিচালিত হবেন। তাঁর সারা জীবনের সততা এবং নিষ্ঠা দিয়ে তিনি এমন একটা নির্বাচন কমিশন গঠন করবেন, যেটা অনেক শক্তিশালী এবং স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে।’
বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে আবদুর রাজ্জাক বলেন, জামায়াত বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র প্রমাণ করতে চায়। তারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়।
অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য কামরুল ইসলাম বলেন, বিএনপি যত কথা বলুক, আবদার করুক না কেন—অস্তিত্ব রক্ষার জন্য তারা আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে। তিনি বলেন, বিএনপি যতই চেষ্টা করুক, বাংলাদেশের জনগণ আর তাদের ভোট দেবে না।
শাহবাগ থানা আওয়ামী লীগের সভাপতি জি এম আতিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, প্রচার সম্পাদক আকতার হোসেন, নির্বাহী সদস্য আসাদুজ্জামান প্রমুখ।