জাসদের সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, খালেদা জিয়া আবার নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কথা বলছেন। তবে তাঁর রাজনৈতিক ভোল পাল্টানোর কৌশল দেখে কেউ যেন বিভ্রান্ত না হন। গণতন্ত্র ও নির্বাচন কখনোই খালেদা জিয়ার অ্যাজেন্ডা ছিল না। তিনি জঙ্গি ও রাজাকারদের পৃষ্ঠপোষক।
গতকাল শুক্রবার গাজীপুর সদর উপজেলার মেম্বারবাড়ী বাসস্ট্যান্ডে আয়োজিত এক জনসভায় হাসানুল হক ইনু এসব কথা বলেন। সদর উপজেলা জাসদের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল চারটায় এর আয়োজন করা হয়।
সভায় জাসদের সভাপতি বলেন, ‘আমি মনে করি, খালেদা জিয়া নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যতই ভোল পাল্টান না কেন, তাঁর আসল রাজনীতি হচ্ছে রাজাকার ও জঙ্গি রক্ষার রাজনীতি। খালেদা জিয়া হচ্ছেন রাজাকার ও জঙ্গিদের তোতা পাখি।’
হাসানুল হক ইনু বলেন, দেশে উন্নয়ন ও সংস্কারকাজের পথে প্রধান সমস্যা জঙ্গিবাদ। এ মুহূর্তে দেশকে কীভাবে স্থায়ীভাবে জঙ্গিমুক্ত করা যায়, তা-ই প্রধান রাজনৈতিক সমস্যা। উন্নয়নের পাশাপাশি দেশে যেসব স্থানীয় এবং অন্যান্য নির্বাচন হচ্ছে, সেখানে বিএনপি কখনো অংশ নিচ্ছে আবার নিচ্ছে না। গত সাত বছরে সরকার যখন জঙ্গিবাদবিরোধী কঠোর পদক্ষেপ, যুদ্ধাপরাধীদের বিচার, হেফাজতে ইসলামের জঙ্গি তাণ্ডব ও আগুনসন্ত্রাসের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখছে, তখনই বেগম খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের পক্ষ নিয়েছেন, আগুনসন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন।
জাসদের সদর উপজেলা শাখার সভাপতি দীনেশ কিশোর বর্মণ সভায় সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন জেলা জাসদের সাধারণ সম্পাদক জহিরুল হক মণ্ডল। বক্তব্য দেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল হোসেন, ওবায়দুর রহমান, শওকত রায়হান, সাংগঠনিক সম্পাদক মির্জা আনোয়ারুল হক, জেলা জাসদের সভাপতি আবদুর রফিক, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান প্রমুখ।