খালেদা জিয়া রোববার কক্সবাজার যাবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খালেদা জিয়া । ফাইল ছবি
খালেদা জিয়া । ফাইল ছবি

রোহিঙ্গা শরণার্থীদের দেখতে আগামী রোববার কক্সবাজার যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। শনিবার সকালে তিনি চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। ৩১ অক্টোবর তিনি ঢাকায় ফিরবেন।
চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ তথ্য জানান।
দলীয় সূত্র জানায়, শনিবার সড়কপথে চট্টগ্রামের উদ্দেশে রওনা হবেন। দুপুরে ফেনীতে যাত্রাবিরতি করবেন। রাতে তিনি চট্টগ্রাম সার্কিট হাউসে থাকবেন।
জানা গেছে, খালেদা জিয়া ২৯ অক্টোবর কক্সবাজার যাবেন। সেখানে রাত্রিযাপনের পর ৩০ অক্টোবর উখিয়ার বালু খালি, বোয়ালমারি ও জামতলিতে রোহিঙ্গাদের দেখতে যাবেন। সেখানে তিনি ত্রাণ বিতরণেও অংশ নেবেন।
খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ নেতারা থাকবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।