খালেদা জিয়া শত্রুমিত্র চিনছেন কি না সংশয় গয়েশ্বরের
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এখনো প্রকৃত শত্রুমিত্র চিনতে পারছেন কি না, সংশয় প্রকাশ করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, বিপদে না পড়া পর্যন্ত মানুষ চেনা যায় না। আবার অনেক মানুষ আছে বিপদে পড়লেও মানুষ চিনতে পারে না।
গতকাল মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে প্রয়াত বিএনপি নেতা আ স ম হান্নান শাহ স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় গয়েশ্বর এ কথা বলেন। তিনি এক-এগারোর পটপরিবর্তনের পর বিএনপির দুঃসময়ে হান্নান শাহর ভূমিকা নিয়ে স্মৃতিচারণা করেন।
গয়েশ্বর রায় বলেন, এক-এগারো খালেদা জিয়ার জীবনে একটা অভিজ্ঞতা সঞ্চয়ের সময়। এক-এগারো না এলে তিনি বুঝতে পারতেন না, কে তাঁর প্রকৃত বন্ধু আর কে শত্রু। তিনি বলেন, ‘এখনো আমার কাছে হান্নান শাহর মতো সন্দেহ হয়, আদৌ কি আমাদের নেত্রী এখনো আসল-নকল চিনতে পারছেন? ওনার সঙ্গে যাঁরা চলেন, তাঁরা সবাই কি সঠিক? ওনার পাশে যাঁরা আছেন, তারা নাকি আবার আরেকটা ওয়ান-ইলেভেনের জন্য অপেক্ষা করছেন।’
গয়েশ্বর যোগ করেন, অনেক মানুষ আছে বিপদে পড়লেও মানুষ চিনতে পারে না। তিনি যদি বেগম খালেদা জিয়া হন, ‘তাহলে আমাদের দুর্ভোগ আরও কঠিন হবে। আর যদি বিপদে পড়ার মধ্য দিয়ে তিনি হান্নান শাহর মতো সঠিক মানুষ চিনতে পারেন, তাহলে আমি বলব এই দুর্ভোগের মেয়াদ বেশি দিন নয়।’
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘মইন উদ্দিন-ফখরুদ্দীনেরা চলে গেলেও এক-এগারোর ষড়যন্ত্র যায়নি। এর বাস্তবায়ন আরও নিশ্চিতভাবে চলছে, সেই ষড়যন্ত্র পাকাপোক্ত করা এবং সেটা বাস্তবায়নের দায়িত্ব পড়েছে বর্তমান সরকারের প্রধান শেখ হাসিনার ওপর।’
অল কমিউনিটি ফোরাম নামের একটি সংগঠন এ আলোচনার আয়োজন করে। সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান, হান্নান
শাহর ছোট ছেলে শাহ রিয়াজুল হান্নান প্রমুখ।