বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কার্যালয়ের দরজায় তালা মেরে সংলাপের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন ১৪ দলের নেতারা। গতকাল সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১৪ দল আয়োজিত সমাবেশে তাঁরা এ কথা বলেন।
সমাবেশে ওয়ার্কার্স পার্টির সভাপতি, বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, খালেদা জিয়া গেটে তালা মেরে সংলাপের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। যারা সামান্যতম রাজনৈতিক শিষ্টাচার জানে না, তাদের সঙ্গে কোনো আলোচনা নেই। তিনি বলেন, ‘আমরা ভেবেছিলাম পুত্রশোকে তিনি নোংরা রাজনীতি থেকে সরে আসবেন। কিন্তু না, তিনি অবরোধ-হরতাল চালিয়ে যাচ্ছেন।’
মেনন বলেন, নির্বাচন হবে সাংবিধানিকভাবে। অবরোধ-হরতাল, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা করে ক্ষমতার পরিবর্তন করা যাবে না।
জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘যাঁরা সংলাপের কথা বলেন, তাঁদের আমি বলব, আগে খালেদা জিয়ার সঙ্গে সংলাপ করুন। তাঁকে (খালেদা জিয়া) মানুষ পোড়ানো বন্ধ করতে বলুন।’ তিনি বলেন, ‘গণতন্ত্রের পথে থাকলে অবশ্যই আলোচনা হতে পারে। কিন্তু মানুষ পোড়ানো খুনির সঙ্গে আমি আলোচনায় বসতে পারি না। তাদের সঙ্গে কোনো আপস হতে পারে না।’
বিএনপি জোটের প্রতি আহ্বান জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘আর মাত্র কদিন পরই এসএসসি পরীক্ষা। আপনাদের এই ধ্বংসাত্মক কর্মসূচি বন্ধ করুন।’ তিনি জানান, পরীক্ষা সময়মতো হবে। সরকার পরীক্ষার্থীদের নিরাপত্তা দেবে।
জাসদের ঢাকা মহানগর কমিটির সমন্বয়ক মীর হোসেন আকতারের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহদাত হোসেন প্রমুখ |
‘মানহানির মামলা হবে’: আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক এবং পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, ২০০৪ সালের ৪ জুন তৎকালীন শেরাটন হোটেলের কাছে বিআরটিসির দোতলা বাসে অগ্নিসংযোগের ঘটনায় যুবলীগকে দায়ী করে কেউ বক্তব্য দিলে মানহানির মামলা করা হবে।
ওই ঘটনার সময় এই দুজন যথাক্রমে যুবলীগের চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক ছিলেন। জাহাঙ্গীর কবির বলেন, ‘যাঁরা এ ধরনের কথা বলছেন তাঁদের সতর্ক করতে চাই। যাঁরা টক শো করেন বা টক শো সঞ্চালনা করেন, তাঁদের কাছেও আমাদের প্রমাণিত নথিপত্র পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তারপর যদি কেউ এই মীমাংসিত বিষয় নিয়ে এই ঘটনাকে উদাহরণ হিসেবে উল্লেখ করে কথা বলেন, তাহলে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থায় যাব।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের বদিউজ্জামান ভুঁইয়া, ফরিদুন্নাহার লাইলী, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, এস এম কামাল প্রমুখ।