খালেদা জিয়াকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে: ইনু

খালেদা জিয়ার উদ্দেশে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, জঙ্গি উসকানির জন্য তাঁকে আদালতের কাঠগড়ায় দাঁড়াতেই হবে। খালেদা জিয়ার উদ্দেশ্য তাঁর বিরুদ্ধে মামলা বন্ধ করা। যুদ্ধাপরাধীদের বাঁচানো।
যশোর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় হাসানুল হক ইনু গতকাল বুধবার সন্ধ্যায় এ কথা বলেন। তিনি বলেন, ঐকমত্যের সার্চ কমিটি গঠনের নামে খালেদা জিয়া মহামান্য রাষ্ট্রপতির কাছে অস্বাভাবিক সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন। এই খেলা বাংলাদেশে খেলতে দেওয়া হবে না।
নবম ওয়েজ বোর্ড ঘোষণার ব্যাপারে হাসানুল হক ইনু বলেন, ‘নীতিগতভাবে সরকার ওয়েজ বোর্ড দেওয়ার পক্ষে। কিন্তু আপনারা কাজ-কর্ম বাদ দিয়ে মিছিল-সমাবেশ করছেন কেন আমি বুঝতে পারছি না। একজন বিচারপতির নেতৃত্বে ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া চলছে। আশা করছি, যথাযথ সময়ে আমরা নবম ওয়েজ বোর্ড ঘোষণা করতে পারব।’
সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠনের বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘সাংবাদিকদের সহায়তার জন্য একটি কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। ১০০ কোটি টাকার তহবিল গঠন করা যায় কি না, আমরা তার চেষ্টা করছি।’
শুরুতে প্রেসক্লাব ও বিভিন্ন সংবাদপত্রের পক্ষ থেকে মন্ত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়। এ সময় বক্তব্য দেন প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, সম্পাদক এস এম তৌহিদুর রহমান।
এর আগে বিকেলে তথ্যমন্ত্রী যশোর জেলা পরিষদ মিলনায়তন চত্বরে অনুষ্ঠিত দুই দিনব্যাপী পুষ্প মেলা, চিত্র প্রদর্শনী ও পিঠাপুলি উৎসবের উদ্বোধন করেন। চাঁদের হাট যশোরের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে নাচ, গান ও আবৃত্তি পরিবেশিত হয়।