খালেদা জিয়াকে গ্রেপ্তারের দাবি ইনুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘জঙ্গির সঙ্গী’ আখ্যায়িত করে তাঁকেসহ সব জঙ্গির সঙ্গী পৃষ্ঠপোষকদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। তিনি বলেন, জঙ্গিমুক্ত বাংলাদেশ করতে হলে জঙ্গি দমনের পাশাপাশি জঙ্গির সঙ্গী ও পৃষ্ঠপোষকদের বর্জন, বিচার ও বিদায় জানাতে হবে।
গতকাল শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে কর্নেল তাহের মিলনায়তনে জাসদের জাতীয় কমিটির এক সভায় দলের সভাপতি হাসানুল হক ইনু এসব কথা বলেন। তিনি বলেন, ‘গণতন্ত্রের টুপি পরে বিএনপি ও খালেদা জিয়া লাগাতারভাবে রাজাকারের সঙ্গী, যুদ্ধাপরাধীদের সঙ্গী ও তেঁতুল হুজুরের সঙ্গী হয়েছেন। জঙ্গি-তাণ্ডব উসকে দিয়েছেন, সন্ত্রাসীদের রক্ষা ও টিকিয়ে রাখার চেষ্টা চালিয়েছেন।’
সভায় জাসদের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, সামরিক হস্তক্ষেপ যেমন আইন করে বন্ধ করা হয়েছে, তেমনি জঙ্গি ও জঙ্গির সঙ্গীদেরও আইন করে নির্মূল করতে হবে।
সভায় জাসদের সাধারণ সম্পাদক শিরীন আক্তার, মহানগর কমিটির সভাপতি মীর হোসাইন আখতার, জাসদের কার্যকর সভাপতি রবিউল আলম প্রমুখ বক্তব্য দেন।