বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে তার পরিণাম ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরের আহ্বায়ক মির্জা আব্বাস।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবনে মহানগর বিএনপির যৌথ সভায় মির্জা আব্বাস এই হুঁশিয়ারি উচ্চারণ করেন।
৩০ মে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালা সফল করার জন্য এই যৌথ সভা আহ্বান করা হয়। মির্জা আব্বাস বলেন, বিএনপির চেয়ারপারসনকে গ্রেপ্তারের আশঙ্কা করা হচ্ছে, এমন খবর শোনা যাচ্ছে। তাঁকে গ্রেপ্তার করা খুব সহজ হবে না। তাঁর গ্রেপ্তার মানুষ মেনে নেবে না। আওয়ামী লীগ যদি মনে করে খালেদা জিয়াকে গ্রেপ্তার করা হলে দেশে শান্তি আসবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।
বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, খালেদা জিয়াকে কারাগারে নেওয়া হচ্ছে, প্রতিদিন এমন খবর গণমাধ্যমে আসছে। কিন্তু পদ পেতে দলের নেতা-কর্মীদের তদবির থেমে নেই। তিনি বলেন, সংকট মোকাবিলার জন্য কারও বাসায় আলোচনা হয় না। কাকে ওপরে নেওয়া হবে, কাকে কী দেওয়া হবে এসব নিয়ে আলোচনা। গয়েশ্বর বলেন, ‘আন্দোলন করতে হলে পদ-পদবি দরকার হয় না। এক-এগারোর সময় স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, যুগ্ম মহাসচিবদের খুঁজে পাওয়া যায়নি। এমপি-মন্ত্রী কাউকে পাওয়া যায়নি। যে যেভাবে পেরেছেন জীবন বাঁচানোর চেষ্টা করেছেন। তখন তৃণমূলের কর্মীরাই সব মোকাবিলা করেছেন।’
মির্জা আব্বাসের সভাপতিত্বে অন্যদের মধ্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ বক্তব্য দেন।