খালেদা জিয়াকে ধন্যবাদ দিলেন জাফরুল্লাহ চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যার বিষয়টি সামনে আনায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে ধন্যবাদ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু একাত্তরে শহীদের সংখ্যা বের করতে উদ্যোগ নিয়েছিলেন। খালেদা জিয়া সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুকেই উচ্চকিত করেছেন, এ জন্য তাঁকে ধন্যবাদ।
গতকাল শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের কারাবন্দিত্বের এক হাজার দিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘খালেদা জিয়া সম্পূর্ণ সংকীর্ণতাকে পরিহার করে আমাদের বঙ্গবন্ধু, মুজিব ভাইয়ের যে চিন্তাচেতনা ছিল তা তুলে ধরার চেষ্টা করেছেন।’ তিনি বলেন, বঙ্গবন্ধুর সবচেয়ে বড় গুণ ছিল তাঁর মহানুভবতা। উনি একটা জিনিস উপলব্ধি করেছেন, মুক্তিযুদ্ধে যাঁরা মারা গেছেন, তার সঠিক তথ্যটা উপস্থাপন করা। বঙ্গবন্ধু ১৩ তারিখ দায়িত্বভার নেওয়ার পর ড. সাত্তারকে দিয়ে মুক্তি–যুদ্ধে কতজন মারা গেছেন, মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা নিরূপণে কমিটি করেছিলেন। এখনো ড. সাত্তারসহ তাঁর জুনিয়র আসাফুদ্দৌলা সাহেব জীবিত আছেন। উনি তো কমিটিতে ছিলেন, জানেন সেই কমিটিতে কী হয়েছে। ওনার এটা দায়িত্ব জানানোর।
মুক্তিযুদ্ধে হতাহতের সংখ্যা নির্ধারণে ওই সময় আরেকটি কমিটি গঠন করা হয়েছিল উল্লেখ করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু তৎকালীন আইজিপি রহিমের সভাপতিত্বে ১০ জনের একটি কমিটি করেছিলেন সংখ্যাটা নিরূপণের জন্য। এটা সবাই ভুলে গেছেন।
সভায় ৫ জানুয়ারি নয়াপল্টনে বিএনপির সমাবেশের কথা উল্লেখ করে সাংবাদিক শফিক রেহমান বলেন, সেদিন জনসভায় মানুষের অভাবনীয় উপস্থিতি ছিল, তাঁরা প্রাণের তাগিদে সেখানে গিয়েছিলেন।
অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আরও বক্তব্য দেন কবি ফরহাদ মজহার, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মাসুদ আহমেদ তালুকদার, প্রকৌশলী আ ন হ আখতার হোসেন, আমার দেশ-এর নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ প্রমুখ।