খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে বাধা সরকার: খন্দকার মোশাররফ

চিকিৎসাধীন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বিএনপির দোয়া অনুষ্ঠানছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে পাঠিয়ে চিকিৎসা দিতে আইন বাধা নয়, বাধা হচ্ছে সরকার—এমনটাই দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, আইনের কথা বলে লাভ নেই। আইনজীবীরা বলছেন কোনো বাধা নেই। বাধা হচ্ছে সরকার।

আজ শুক্রবার জুমার নামাজ শেষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে চিকিৎসাধীন খালেদা জিয়ার রোগমুক্তির জন্য দোয়ার আয়োজন করে বিএনপি কেন্দ্রীয় কমিটি। দোয়া শেষে গেটের বাইরে এসব কথা বলেন বিএনপির এ কেন্দ্রীয় নেতা।

খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমাদের দেশনেত্রীকে একটি বানোয়াট মামলায় এই স্বৈরাচারী সরকার গত তিন বছর বিনা চিকিৎসায় কারাগারে রেখেছে। আজকে তিনি মৃত্যু পথযাত্রী। তাঁর জন্য আমরা সারা দেশে দোয়ার আয়োজন করেছি। এরই অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা বায়তুল মোকাররম জাতীয় মসজিদে দোয়ার আয়োজন করেছি। একই সঙ্গে মন্দির–প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়গুলোতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে প্রার্থনার আয়োজন করা হয়েছে।’

চিকিৎসকদের বরাত দিয়ে তিনি জানান খালেদা জিয়ার শারীরিক অবস্থা খারাপ এবং দিন দিন খারাপের দিকে যাচ্ছে। তিনি বলেন, এই সরকার এত নির্দয়, তারা রাজনৈতিক হিংসার বশবর্তী হয়ে দেশনেত্রীকে শেষ করে দেওয়ার জন্য বিদেশে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ পর্যন্ত দিচ্ছে না।

খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে যেসব বাধা রয়েছে, সেগুলো দূর করতে সরকারের কাছে আরজি জানান খন্দকার মোশাররফ।

আয়োজিত দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা নেছারুল হক। কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমান উল্লাহ আমান, যুবদলের সভাপতি সাইফুল আলম, সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন প্রমুখ।