খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে সরকারকে বাধ্য করা হবে
আন্দোলনের মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে সরকারকে বাধ্য করা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসা নিশ্চিতের দাবিতে পেশাজীবী সমাবেশে মির্জা ফখরুল এসব কথা জানান। আজ সোমবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ (বিএসপিপি)।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, ‘খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে আমরা এক মাসের ওপর আন্দোলন করছি। আমরা রাজপথে অনশন, সমাবেশ করেছি। প্রতিদিন দেশের বিভিন্ন বিভাগে সভা, সমাবেশ করেছি।
বিভিন্ন জায়গায় নেতা–কর্মীরা আন্দোলন শুরু করেছে। আহ্বান জানাতে চাই, আসুন আর বিলম্ব নয়, জনগণ বেরিয়ে আসছে। আমরা বিশ্বাস করি, সব জনগণই বেরিয়ে আসবে। পেশাজীবী ভাইয়েরাও এগিয়ে আসবেন আরও বেশি করে, আরও শক্তির সঙ্গে। তখন নিঃসন্দেহে আমরা আন্দোলন শুরু করতে পারব। যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা এ সরকারকে বাধ্য করতে পারব খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে।’
মির্জা ফখরুল জানান, খালেদা জিয়াকে সম্পূর্ণ বেআইনিভাবে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মিথ্যা মামলা সাজিয়ে আটকে রাখা হয়েছে। আটকে রাখা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা সামগ্রিক চক্রান্তের বহির্প্রকাশ। ১/১১-তে যে চক্রান্ত শুরু হয়েছিল বাংলাদেশকে বিরাজনীতিকীকরণ করা হবে, খালেদা জিয়াকে পুরোপুরি রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। সেই পরিকল্পনার ইঙ্গিত এখানে রয়েছে।
এ আন্দোলন কেবল খালেদা জিয়াকে মুক্তির আন্দোলন নয়, সারা দেশ ও জাতির মুক্তির আন্দোলন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে সব রাজনৈতিক ঐক্যের মধ্য দিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে পারব। খালেদা জিয়ার মুক্তি, তাঁর চিকিৎসা ও গণতন্ত্রকে মুক্ত করতে তাদের বাধ্য করব।’
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন, ‘পুলিশ বাহিনী, র্যাব, যারা সম্মানের সঙ্গে এ দেশে অতীতে কাজ করেছে, আজ তারা বিশ্বের দরবারে কলঙ্কিত, সন্ত্রাসী ও মানবতাবিরোধী হিসেবে বিবেচিত হতে যাচ্ছে। বাংলাদেশকে ওরা বারবার সতর্ক করেছে। বারবার বলেছে, ঠিকভাবে চলছে না। তারপরও কোনো পদক্ষেপ নেয়নি সরকার। তখন ওই দেশে প্রবেশই নিষেধ করে দিয়েছে। এত বড় লজ্জার পর তাঁরা বলছে, আমরা তো মানবতা লঙ্ঘন করি না।’
দেশে গণতন্ত্র নেই, ভোট নেই, মানুষের অধিকার নেই, কথা বলতে পারি না, গুম, খুন, ক্রসফায়ার লাগাতারভাবে চলছে বলেও মন্তব্য করেন মাহমুদুর রহমান। তিনি জানান, ১৩ বছর ধরে স্বৈরশাসন চলার পর তাঁরা আস্তে আস্তে ধরা খেতে শুরু করেছেন। তাঁর মন্ত্রী পালানোর চেষ্টা করছেন, কিন্তু বিদেশিরা জায়গা দিচ্ছে না। এ রকম সরকার আর তাঁর মন্ত্রী।
সমাবেশে সভাপতিত্ব করেন বিএসপিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শওকত মাহমুদ। তিনি বলেন, ‘আমরা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা করাতে চাই। না দিলে আমরা আদায় করে নেব।’ যাঁরা গুম, খুন, ক্রসফায়ারের সঙ্গে জড়িত, তাঁদের তালিকা করার আহ্বানও জানান তিনি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান জানান, এ সরকারের পতন অনিবার্য। পতনের পর কাজ আছে। বিমানবন্দর ও বন্দরগুলোয় পাহারা দিতে হবে। যাতে করে এ সরকারের দুর্নীতিবাজরা পালাতে না পারেন। তাঁদের শাস্তি নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠানে আরও কথা বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, বিএনপির ঢাকা উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, দলটির ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবদুস সালামসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা।