খালেদা জিয়াকে বিপর্যস্ত করতে মামলা: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মানসিকভাবে বিপর্যস্ত করতে তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশের কোনো কারাগারেই খালেদা জিয়াকে বন্দী করে রাখা যাবে না বলেও তিনি মন্তব্য করেন।
গতকাল বুধবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি-সংক্রান্ত মামলাসহ খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা নিয়ে দল থেকে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানানো হবে। তবে রিজভী বলেন, সরকার ভয় পেয়ে এই কাজগুলো করছে। খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা সরকারের দুরভিসন্ধিমূলক আচরণ। কারণ বিএনপির চেয়ারপারসন হচ্ছেন গণতন্ত্রের প্রতীক, তিনি হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন সিপাহসালার।
গতকাল অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে রিজভী অভিযোগ করেন, ইউনিয়ন পরিষদের নির্বাচনের মতো পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করেও আওয়ামী লীগের কর্মীদের তাণ্ডব চলছে। নোয়াখালী সদর পৌরসভা নির্বাচনে গতকাল সকালে ভোট শুরু হওয়ার আগেই সশস্ত্র ক্যাডাররা ২০টি কেন্দ্র দখল করে নেয়। ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে মঙ্গলবার সন্ধ্যা থেকে শত শত স্থানীয় ও বহিরাগত সন্ত্রাসী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ১০টি ভোটকেন্দ্রই ঘেরাও করে রাখে। গতকাল সকালে ভোট শুরু হওয়ার আগে ধানের শিষ প্রতীকের এজেন্টরা ভোটকেন্দ্রে গেলে তাঁদের ঢুকতে দেওয়া হয়নি।