খালেদা জিয়াকে ব্রিটেনের রানির দৃষ্টান্ত অনুসরণ করতে বললেন আশরাফ
১৫ আগস্ট জন্মদিন পালন না করার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি খালেদা জিয়াকে ব্রিটেনের রানি এলিজাবেথের দৃষ্টান্ত অনুসরণ করতে বলেছেন।
গতকাল মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে যুবলীগের শোকর্যালি-পূর্ব সমাবেশে সৈয়দ আশরাফ এ আহ্বান জানান।
আশরাফ বলেন, ‘ব্রিটেনের রানি এলিজাবেথের জন্মদিন ডিসেম্বরে। তখন শীতে জন্মদিন পালন করতে গেলে তাঁর প্রজাদের কষ্ট হবে—এই ভেবে তিনি জুলাই মাসে গ্রীষ্মকালে তাঁর জন্মদিন পালন করেন।’ তিনি বলেন, ‘অত্যন্ত পরিতাপের বিষয়, খালেদা জিয়া আমাদের অনুরোধ রাখছেন না। আপনার সত্যিকারের জন্মদিনও যদি ১৫ আগস্ট হয়, তা না করে আপনি ১৬ বা ১৭ আগস্ট যেকোনো দিন পালন করতে পারেন।’
নিজে কখনো জন্মদিন পালন করেন না বলে দাবি করে সৈয়দ আশরাফ বলেন, ‘জন্মদিন পালন আমাদের সংস্কৃতি না। এটা পশ্চিমা সংস্কৃতি। ওনাকে (খালেদা জিয়া) এসব কথা বলেছি, উনি শোনেননি।’ তিনি খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারকে হত্যা করে জাতিকে বিভক্ত করা হয়। আমরা বিভক্ত জাতি চাই না। তাই আপনি দয়া করে ১৫ আগস্ট জন্মদিন পালন করে আর জাতিকে বিভক্ত করবেন না।’
একই সঙ্গে যুবলীগের নেতা-কর্মীদের উদ্দেশ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘যারা ১৫ আগস্ট জন্মদিন পালন করে, তাদের চিরদিনের জন্য বাংলার মাটি থেকে নির্মূল করতে হবে। আপনাদের সে সক্ষমতা রয়েছে।’
আশরাফ বলেন, ‘আমাদের নেত্রী বলেছেন, “বিএনপির সঙ্গে কিসের সমঝোতা, কিসের আলোচনা?” ১৫ আগস্ট জাতির পিতাকে হত্যা করা হয়েছে, ছোট্ট শেখ রাসেল; সেও বাদ যায়নি। তাদের সঙ্গে কোনো সমঝোতা কিংবা আলোচনা হতে পারে না। তারপর রাজনৈতিক বাস্তবতায় আমরা আলোচনার হাত বাড়িয়েছিলাম। কিন্তু তারা সেটা গ্রহণ করেনি। যারা শোক দিবসে জন্মদিন পালন করে, জাতি তাদের কখনো ক্ষমা করবে না।’
শোকর্যালি-পূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খানসহ যুবলীগের কেন্দ্রীয় ও মহানগরের নেতারা।
সমাবেশ শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে শোকর্যালি শুরু হয়। র্যালিটি শাহবাগ ও সায়েন্স ল্যাবরেটরি হয়ে ধানমন্ডি-৩২-এ গিয়ে শেষ হয়। র্যালিতে যুবলীগের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
যানজট: যুবলীগের র্যালি-পূর্ব সমাবেশের কারণে গতকাল বেলা সাড়ে তিনটা থেকে শাহবাগ থেকে মৎস্য ভবনের সড়কটি বন্ধ করে দেওয়া হয়। ফলে আশপাশের সড়কে গাড়ির চাপ বেড়ে গিয়ে ব্যাপক যানজট তৈরি হয়। বিকেলে অফিসফেরত মানুষকে বাড়তি দুর্ভোগে পড়তে হয়। সাড়ে চারটার দিকে শাহবাগে একটি অ্যাম্বুলেন্সও যানজটে আটকে থাকতে দেখা যায়। কাকরাইল, বেইলি রোড, পল্টন, মতিঝিল, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেটের রাস্তার ওপর দীর্ঘ সময় যানবাহন দাঁড়িয়ে থাকে।