খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে: জাফরুল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (কাজী জাফর) প্রয়াত মহাসচিব জাফরউল্লাহ খান চৌধুরীর স্মরণসভায় বক্তব্য দেন জাফরুল্লাহ চৌধুরী
ছবি: সংগৃহীত

যেকোনো মামলায় জামিন পাওয়া মানুষের জন্মগত অধিকার উল্লেখ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ছলনার আশ্রয় নিয়ে সাজা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে নিষেধাজ্ঞার খড়্গ ঝুলিয়ে তাঁকে তিল তিল করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এসবের বিরুদ্ধে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার বিকল্প পথ নেই।

আজ শনিবার জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে দলটির প্রয়াত মহাসচিব জাফরউল্লাহ খান চৌধুরীর স্মরণসভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, ঘুষ, দুর্নীতি, সামাজিক অবক্ষয় সর্বস্তরে গেড়ে বসেছে। প্রশাসন, চিকিৎসাসেবা, বিচারব্যবস্থার ক্ষেত্রেও এর প্রতিফলন দেখা যাচ্ছে। এক ব্যক্তির নির্দেশে সারা দেশের সব কর্মকাণ্ড আবর্তিত হচ্ছে।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির (জাফর) মহাসচিব আহসান হাবীব প্রমুখ।