খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে সরকার: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার সুযোগ না দিয়ে সরকার মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, তাঁকে যদি অতি দ্রুত বিদেশে উন্নত চিকিৎসাকেন্দ্রে না নেওয়া হয়, তাহলে তাঁর জীবন রক্ষা করা মুশকিল হয়ে যাবে।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়বাদী শ্রমিক দলের এক সমাবেশে মির্জা ফখরুল এসব কথা বলেন। খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে সংগঠনটি এই কর্মসূচির আয়োজন করে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, ‘তিনি বিএনপির ভুল ছাড়া আর কিছুই দেখতে পান না। সারাক্ষণ শুধু দুঃস্বপ্ন দেখতে থাকেন। শুধু বিএনপি বিএনপি বিএনপি। আপনারা বলে থাকেন বিএনপি নাকি নাই, বিএনপি যদি না-ই থাকে, তাহলে বিএনপিকে নিয়ে এত দুঃস্বপ্ন দেখেন কেন?’ ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা যে ভাষায় কথা বলেন, তা কোনো সুস্থ-সভ্য মানুষ বলতে পারে না।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া প্রমুখ সমাবেশে বক্তব্য দেন।