বিএনপির দাবি, পুলিশের হামলায় দলের ৫০ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন
খালেদা জিয়াকে শহীদ মিনারে যেতে বাধা দেওয়ার অভিযোগ
একুশের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে গিয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বারবার পুলিশের বাধার মুখে পড়েছিলেন বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির দাবি, এ সময় পুলিশের হামলায় দলের ৫০ জনের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন।
গতকাল রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন।
রিজভী বলেন, ‘কেন্দ্রীয় শহীদ মিনারে বিএনপির চেয়ারপারসনের শ্রদ্ধা নিবেদনের বিষয়ে তাঁর সার্বিক নিরাপত্তা বিধান করতে পুলিশ ও র্যাব-প্রধানকে দলের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন তাঁর গুলশানের বাসভবন থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে যাওয়া পর্যন্ত পুলিশ বারবার বাধা প্রদান করে। গুলশানে তাঁর বাসভবনের সামনেই পুলিশ ব্যারিকেড সৃষ্টি করে। সব বাধা অতিক্রম করে বিএনপির চেয়ারপারসনের গাড়িবহর কেন্দ্রীয় শহীদ মিনারের কাছাকাছি এলে পুলিশ দুই জায়গায় ব্যারিকেড সৃষ্টি করে অপেক্ষমাণ বিএনপি নেতা-কর্মীদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। এই ঘটনায় ৫০ জনের বেশি বিএনপির নেতা-কর্মী গুরুতর আহত হন।’
রিজভী আরও বলেন, নোয়াখালীর চাটখিল উপজেলায় একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের জন্য যাওয়ার পথে বিএনপির নেতা আলমগীর হোসেনকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতর্কিত আক্রমণ চালিয়ে হত্যা করে।
রিজভী অভিযোগ করেন সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাটের বিভিন্ন ইউনিয়নে বিএনপির প্রার্থীদের মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে এবং প্রার্থীদের নানাভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে।