খালেদা জিয়াকে সাবধান করলেন ইনু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসানুল হক ইনু। ফাইল ছবি
হাসানুল হক ইনু। ফাইল ছবি

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, বেগম খালেদা জিয়া গণতন্ত্রের সুযোগ নিয়ে যদি শহীদ ও মুক্তিযুদ্ধের ব্যাপারে এবং বঙ্গবন্ধুর ব্যাপারে আবোলতাবোল বকেন তাহলে ওনার জায়গা হবে পাগলা গারদে। আর না হলে আদালতের বারান্দায়।

আজ মঙ্গলবার বেলা ১১টায় কুষ্টিয়া সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইনু বলেন, ‘উনি (খালেদা জিয়া) যদি পাগল হয়ে থাকেন তবে ওনাকে পাগলা গারদে পাঠানো হবে, তাহলে মাফ পাবেন উনি। না হলে আদালতের বারান্দায় যেতে হবে। এখানে আমরা কেবল মাত্র সত্যি কথাটা বলছি। উনি মিথ্যা কথা বলছেন। আমরা কেবল খালেদা জিয়া সম্পর্কে সত্যি কথাটা বলছি। সুতরাং খালেদা জিয়ার পক্ষে যারা সাফাই গাওয়ার চেষ্টা করছেন তাঁদের উদ্দেশে বলব, ’৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে, বঙ্গবন্ধুকে নিয়ে, বা বঙ্গবন্ধুর ভূমিকা নিয়ে এবং ’৭১ এর শহীদদের আত্মত্যাগের বিষয়ে যেকোনো কটাক্ষ এটা গ্রহণযোগ্য নয়।

তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বেগম খালেদা জিয়া পাকিস্তানিদের মতোই বঙ্গবন্ধুকে নিয়ে, ’৭১-র শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রসঙ্গে আবোলতাবোল বকছেন এবং অপমান করছেন। আমরা তার প্রতিবাদ করছি মাত্র, এটা রাজনৈতিক প্রতিহিংসা নয়।’

এ সময় সেখানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আবদুল আলীম স্বপনসহ জাসদের দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।