খালেদা জিয়াকে স্বাগত জানাচ্ছেন নেতা-কর্মীরা

সিলেট যাওয়ার পথে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে নেতা–কর্মীরা স্বাগত জানাচ্ছেন। তাঁরা সড়কের বিভিন্ন অংশে অবস্থান নিয়ে খালেদা জিয়ার নামে স্লোগান দিচ্ছেন। সড়কের দুপাশে পুলিশের উপস্থিতিও চোখে পড়ার মতো।
হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরানের (র.) মাজার জিয়ারত করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। তবে এটা কোনো নির্বাচনী প্রচারণা নয় বলে দাবি করেছেন, দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ সোমবার সকাল সোয়া ৯টার দিকে খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা হন। সকাল সাড়ে ১০টায় তাঁর গাড়িবহর কাঁচপুর সেতু অতিক্রম করে। আর দুপুর ১২টার দিকে গাড়িবহরটি ছিল ভৈরবের কমলপুর এলাকায়।
পথে খালেদা জিয়াকে স্বাগত জানাতে এলে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকা থেকে মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। আর আড়াইহাজার উপজেলার পাঁচমুখী এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে জমায়েত হওয়ার চেষ্টা করেন বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ ও তাঁর লোকজন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ নজরুল ইসলাম আজাদকে গ্রেপ্তার করে।
গাড়িবহরটি নরসিংদী অতিক্রম করার সময় সেখানে কিছুটা হট্টগোল হতে দেখা যায়।

খালেদা জিয়ার যাত্রার আগে এটা কোনো নির্বাচনী সফর কি না, জানতে চাইলে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, খালেদা জিয়া মাজার জিয়ারতে যাচ্ছেন। এটা কোনো নির্বাচনী প্রচারণা নয়। এখন পর্যন্ত লেবেল প্লেয়িং ফিল্ডই তৈরি হয়নি। প্রচার-প্রচারণা কীভাবে হবে?
এক বছর আগে নির্বাচনী প্রচারের কোনো অর্থ হয় না বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘যখন নির্বাচন ঘনিয়ে আসবে, আমরা ঘোষণা দিয়ে প্রচারে যাব। এক বছর আগে যে-কেউ চাইলে নির্বাচনী প্রচার করতে পারে, তা তো আমরা দেখতেই পাচ্ছি।’
গত ৩০ জানুয়ারি সিলেটে মাজার জিয়ারত করে জনসভার মধ্য দিয়ে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণা শুরু করেছেন । ওই জনসভার পর ১ ফেব্রুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদও সিলেট সফর করে মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দেন ।

এখন তো সবকিছুই হচ্ছে ৮ ফেব্রুয়ারি (জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়) কেন্দ্রিক। মাজার জিয়ারতও সে রকম কিছু?—এমন প্রশ্নের জবাবে আমীর খসরু বলেন, দেশের যে সংকট প্রেক্ষাপট, সবকিছু মিলিয়ে মাজার জিয়ারত অস্বাভাবিক কিছু না।
খালেদা জিয়ার সঙ্গে এই সফরে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, শাহজাহান ওমর, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালসহ দলের বেশ কয়েকজন শীর্ষ নেতা।