খালেদা জিয়াকে স্বাগত জানাতে বাধা, গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদা জিয়াকে স্বাগত জানাতে এলে আইনজীবী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়। ছবি: প্রথম আলো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদা জিয়াকে স্বাগত জানাতে এলে আইনজীবী সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করা হয়। ছবি: প্রথম আলো

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট যাওয়ার পথে স্বাগত জানাতে এসে গ্রেপ্তার হয়েছেন বিএনপি ওর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা। তা ছাড়া কোথাও কোথাও পুলিশ ও সরকারি দলের কর্মীদের বাধার সম্মুখীনও হতে হয়েছে তাঁদের। খালেদা জিয়ার সিলেট যাত্রাপথের নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও নরসিংদী জেলার বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে।

আজ সোমবার বিভিন্ন স্থান থেকে দলটির ২৭ নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে প্রথম আলোর নারায়ণগঞ্জ সংবাদদাতা, নরসিংদী প্রতিনিধি ও কিশোরগঞ্জ প্রতিনিধি এ তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তার বিএনপির নেতাদের মধ্যে আছে কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহসভাপতি সাখাওয়াত হোসেন, নরসিংদী জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, জেলা বিএনপির সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মো. বাহার মিয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল মোমেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম প্রমুখ।

হজরত শাহজালাল (র.) ও হজরত শাহপরান (র.)-এর মাজার জিয়ারত করতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আজ সিলেটের উদ্দেশে রওনা হয়েছেন। তবে এটা কোনো নির্বাচনী প্রচারণা নয় বলে দাবি করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। সকাল সোয়া নয়টার দিকে খালেদা জিয়া রাজধানীর গুলশানের বাসভবন থেকে সিলেটের উদ্দেশে রওনা হন।

খালেদা জিয়ার আগমনকে কেন্দ্র করে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নিয়েছে। বিএনপির কোনো নেতা-কর্মী বা পথচারীকে মহাসড়কের পাশে দাঁড়াতে দেওয়া হয়নি।

নারায়ণগঞ্জ সংবাদদাতা জানান, সকালে খালেদা জিয়াকে স্বাগত জানাতে আড়াইহাজার উপজেলার পাঁচমুখী এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে জমায়েত হওয়ার চেষ্টা করেন নজরুল ইসলাম আজাদ, ধুপতারা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজীব, যুবদল নেতা সালাউদ্দিনসহ পাঁচজন। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ ২০ থেকে ২৫টি গুলি ছোড়ে। পরে পুলিশ নজরুল ইসলাম আজাদসহ পাঁচজনকে গ্রেপ্তার করে।

অন্যদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে খালেদা জিয়াকে স্বাগত জানাতে এলে আইনজীবী সাখাওয়াত হোসেন, আইনজীবী মাইনুদ্দীন, আইনজীবী আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পরে সকাল পৌনে ১০টার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুন মাহমুদের নেতৃত্বে বিএনপির নেতা-কর্মীরা মহাসড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। নেতা-কর্মীরা বিভিন্ন দিকে পালিয়ে যান। সেখান থেকে শোয়েব ও ইয়াসিন নামের বিএনপির দুই কর্মীকে আটক করে পুলিশ।

জেলা পুলিশ সুপার মঈনুল হক এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নরসিংদী প্রতিনিধি জানান, খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে সকাল থেকে বিএনপি নেতা–কর্মী ও বিএনপিপন্থী আইনজীবীরা মহাসড়কের ভেলানগর এলাকায় অবস্থান নেয়। অন্যদিকে বিএনপি নেতা–কর্মীদের প্রতিহত করতে মাঠে ছিল ছাত্রলীগ-যুবলীগ। এ সময় ছাত্রলীগ–যুবলীগ নৌকার পক্ষে মহাসড়কে মিছিল করে। মুখোমুখি অবস্থান নেন বিএনপি ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। উভয় পক্ষের মধ্যে মারমুখী অবস্থা সৃষ্টি হলে পুলিশ দুই দলের নেতা–কর্মীদের সরিয়ে দেয়। এদিকে বিএনপিপন্থী আইনজীবীরা মহাসড়কের পাশে খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে চাইলে পুলিশ তাঁদের ব্যানার–ফেস্টুন কেরে নেয়। বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নরসিংদী অতিক্রম করেন।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ বিএনপি নেতারা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানান। অন্যদিকে খালেদা জিয়ার গাড়ি যাওয়ার সময় ছাত্রলীগ-যুবলীগ বিএনপি নেতা–কর্মীদের গাড়ি বহরে জুতা প্রদর্শন করে। এ সময় ছাত্রলীগ–যুবলীগের কয়েকজন নেতা-কর্মী বিভিন্ন স্লোগান দেন।

মিছিল করার সময় মহাসড়ক থেকে নরসিংদী জেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া, জেলা বিএনপির সহসভাপতি সুলতান উদ্দিন মোল্লা, শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামালসহ ১১ নেতা–কর্মীকে আটক করার অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া শিবপুরের কামারটেক সবুজ পাহাড় কলেজ এলাকায় খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিএনপি নেতা–কর্মীরা এগিয়ে এলে পুলিশ তাঁদের ওপর লাঠিপেটা করে।

কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, ভৈরব থেকে কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ভিপি মো. বাহার মিয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক জেসমিন সুলতানা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল মোমেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক তারিকুজ্জামান, ভৈরব উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামসহ ছয় নেতাকে আটক করেছে পুলিশ।

আজ দুপুর ১২টার দিকে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের বাসভবন থেকে তাঁদের আটক করা হয়। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সিলেট সফরের উদ্দেশ্যে নেত্রীকে স্বাগত জানানোর জন্য নেতার ভৈরব অবস্থান করছিলেন। এ সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।