খালেদা জিয়াকে হুমকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনগণের শান্তিভঙ্গের অভিযোগ তুলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার হুমকি দিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।
গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নানক বলেন, ‘জনগণের শান্তি ভঙ্গকারীর অবস্থান পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের লাল দালানের চৌদ্দ শিকের মধ্যে হতে পারে।’
কিশোরগঞ্জে গত বুধবার খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জাহাঙ্গীর কবির নানক লিখিত বক্তব্যে খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেন, ‘আপনার আচরণে শিরঃপীড়া, বিকারগ্রস্ততা অস্থির যন্ত্রণার পরিচয় বহন করে। আপনার কথায় অসংলগ্নতা রয়েছে, তাই নিজের প্রতি যত্নবান হোন। দেশবাসীকে কোনো দুর্ভোগে ফেলার চিন্তা করবেন না। যদি করেন, তার পরিণতি সুখকর হবে না। আইন সবার জন্য সমান।’
দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতি খালেদা জিয়ার খেদ থাকায় বারবার সংস্থাটিকে গালমন্দ করেন বলেও মন্তব্য করেন নানক।