খালেদা জিয়াকে 'স্টুপিড লিডার' বললেন অর্থমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘স্টুপিড লিডার’ বলে অভিহিত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেছেন, ‘২০১৪ সালে দেশের অর্থনীতি ভালো করেছে। ২০১৫ সালে সেটি আরও ভালো করত। তবে বেগম খালেদা জিয়া এসব পছন্দ করছেন না। স্টুপিড লিডার (নির্বোধ নেত্রী)। তাঁর কর্মকাণ্ড সম্পূর্ণ রাষ্ট্র ও মানবতাবিরোধী।’
রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ঢাকা আন্তর্জাতিক বস্ত্র ও তৈরি পোশাক খাতের যন্ত্রপাতি প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে গতকাল বুধবার দুপুরে এসব কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিএনপিকে উদ্দেশ করে তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করার চেষ্টা করছে। তিনি বলেন, ‘বর্তমানে দেশে কোনো অস্থিরতা নেই।যেটা হচ্ছে, সেটি সন্ত্রাসী কার্যকলাপ। এর সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা নেই। দেশের অধিকাংশ মানুষই এটি পছন্দ করেন না। তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, শিগগিরই সমস্যার সমাধান হবে।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বস্ত্রমন্ত্রী এমাজ উদ্দিন প্রামাণিক, এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি তপন চৌধুরী, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সহসভাপতি আসলাম সানি প্রমুখ।