খালেদা জিয়ার ইফতার প্রেসক্লাবে না হয়ে সুপ্রিম কোর্ট বারে
বিএনপি-জামায়াত সমর্থক বলে পরিচিত সাংবাদিকদের দুটি ইউনিয়ন অভিযোগ করেছে, জাতীয় প্রেসক্লাব কর্তৃপক্ষের আপত্তির কারণে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ক্লাব মিলনায়তনে আজকের ইফতার মাহফিলে যোগ দিতে পারছেন না। এ নিয়ে ক্লাব কর্তৃপক্ষ ও সাংবাদিক ইউনিয়ন নেতারা পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন।
প্রেসক্লাব কর্তৃপক্ষ বলছে, ইফতার মাহফিলের জন্য যথাযথ প্রক্রিয়ায় অনুমতি নেওয়া হয়নি।
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের নেতারা জানিয়েছেন, অনুমতি না পাওয়ায় জাতীয় প্রেসক্লাবের পরিবর্তে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে আজ রোববার বিকেল পাঁচটায় এ ইফতার মাহফিল শুরু হবে। সেখানে খালেদা জিয়া প্রধান অতিথি থাকবেন।
শনিবার বিএফইউজের সভাপতি শওকত মাহমুদ ও মহাসচিব এম আবদুল্লাহ এবং ডিইউজের সভাপতি আবদুল হাই শিকদার ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান এক যৌথ বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ঐতিহ্য অনুযায়ী এ দুই সংগঠনের ইফতার মাহফিল জাতীয় প্রেসক্লাবে হয়ে থাকে। এতে দুই প্রধান দলের দুই নেত্রী প্রধান অতিথি থাকেন। কিন্তু জাতীয় প্রেসক্লাবের কর্তারা খালেদা জিয়ার অংশগ্রহণে ইফতার মাহফিল অনুষ্ঠান বাধাগ্রস্ত করে চরম অন্যায় ও অগণতান্ত্রিক আচরণ করেছে।
তাঁরা অভিযোগ করেন, যথাসময়ে যথাযথ প্রক্রিয়ায় বরাদ্দ চাওয়ার (বুকিং) পরও এক দিন আগে ইফতার মাহফিলের জন্য প্রেসক্লাব প্রাঙ্গণে বানানো প্যান্ডেল পুলিশ ও বহিরাগত ক্যাডারদের উপস্থিতিতে শুক্রবার রাতে ভেঙে ফেলা হয়েছে। শুক্রবার রাতে ইফতার মাহফিলের প্রস্তুতিমূলক কাজ করার সময় প্রেসক্লাবে অবস্থিত সাংবাদিক ইউনিয়নের অফিসের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী বলেন, প্রেসক্লাব তো অনুষ্ঠানের অনুমতি দেয়নি, বাতিল করার প্রশ্নই আসে না। তিনি বলেন, ক্লাবের অনুমতির তোয়াক্কা না করে আমন্ত্রণপত্র ছেপে বিলি করা হয়। আয়োজকদের উচিত ছিল খালেদা জিয়ার নিরাপত্তার খাতিরে প্রেসক্লাবের অনুমতি নেওয়া।