খালেদা জিয়ার উপদেষ্টার পদ ছাড়ছেন তৈমুর
নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতির পদেই থাকতে চান তৈমুর আলম খন্দকার। এ জন্য তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টার পদ ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। গত বৃহস্পতিবার রাতে নগরের মাসদাইর এলাকায় নিজ বাসভবনের নিচতলায় মজলুম মিলনায়তনে তিনি এ ঘোষণা দেন।
তৈমুর আলম খন্দকার ঈদ পুনর্মিলনীর আয়োজন করেন। এ সময় নেতা-কর্মীরা তাঁকে খালেদা জিয়ার উপদেষ্টার পদ ছেড়ে জেলা বিএনপির সভাপতির পদেই বহাল থাকার আহ্বান জানান। নেতা-কর্মীরা বলেন, নারায়ণগঞ্জ বিএনপির সুবিধাভোগী নেতারা কোনো আন্দোলন–সংগ্রামে থাকেন না। দলের দুঃসময়ে তাঁদের কোনো কিছুতেই দেখা যায় না। তাই নারায়ণগঞ্জ বিএনপিকে বাঁচাতে তৈমুর আলম খন্দকারকে সভাপতির পদে বহাল থাকা জরুরি।
গতকাল শুক্রবার তৈমুর আলম খন্দকার প্রথম আলোকে বলেন, ‘খালেদা জিয়া সৌদি আরব থেকে দেশে ফেরার পরই উপদেষ্টার পদ থেকে সরে দাঁড়াতে পদত্যাগপত্র তাঁর হাতে তুলে দেব।’