খালেদা জিয়ার উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ, হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় গতকাল বৃহস্পতিবার হট্টগোলের মধ্যে আরও একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। তবে এর আগে তিন সাক্ষীকে জেরা শেষ করেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াসহ তিন আসামির পক্ষের আইনজীবীরা। খালেদা জিয়া গতকাল আদালতে উপস্থিত ছিলেন।
সাক্ষ্য গ্রহণ শেষে আদালত পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ১৭ সেপ্টেম্বর তারিখ ধার্য করেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এই তারিখ ধার্য করেন। বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত অস্থায়ী বিশেষ এজলাসে এই মামলা এবং জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার বিচারকাজ চলছে।
গতকাল সকাল সাড়ে ১০টায় এই মামলার কার্যক্রম শুরু হয়। বেলা ১১টার দিকে খালেদা জিয়া আদালতে উপস্থিত হন। জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির দুটি মামলাতেই গতকাল সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। আদালত জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় শুনানি গ্রহণ করেন। শুরুতে এই মামলায় পূবালী ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার এইচ এম ইসমাইল, জনতা ব্যাংকের সাতমসজিদ রোড শাখার মহাব্যবস্থাপক (জিএম) শেখ মকবুল আহমেদ ও জনতা ব্যাংকের প্রথম সহকারী মহাব্যবস্থাপক ফাহমিদা রহমানকে জেরা করেন খালেদা জিয়াসহ তিনজন আসামির পক্ষের আইনজীবীরা। তাঁদের জেরা শেষে সোনালী ব্যাংকের প্রধানমন্ত্রীর কার্যালয় শাখার সাবেক উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. হাফিজুর রহমানের সাক্ষ্য গ্রহণ শুরু হয়।
হাফিজুর রহমান বলেন, তিনি ২০১১ সালের ৩ অক্টোবর তদন্ত কর্মকর্তা হারুন-অর-রশীদকে খালেদা জিয়ার হিসাব-সংক্রান্ত ২৬টি নথি দেন। তদন্ত কর্মকর্তা সেগুলো জব্দ করেন। তিনি তাতে স্বাক্ষর করেন। গতকাল আদালতে তিনি সেগুলো শনাক্ত করেন। পরে তিনি ওই জব্দ তালিকার নথির বিষয়ে বিস্তারিত সাক্ষ্য দেওয়ার সময় আসামিপক্ষের আইনজীবীরা আপত্তি জানান।
খালেদা জিয়ার পক্ষে আইনজীবী মাহবুব উদ্দিন খোকন আদালতে বলেন, সাক্ষী মামলার নথি দেখে বলছেন। সাক্ষ্য আইন অনুযায়ী এটা করতে পারেন না। সাক্ষ্য গ্রহণ অব্যাহত থাকলে মাহবুব উদ্দিন বলেন, ‘আপনি কেঙ্গারু আদালত না।’
এ সময় দুদকের আইনজীবী মোশাররফ হোসেন আদালতে বলেন, তদন্ত কর্মকর্তা ব্যাংক হিসাব-সংক্রান্ত যেসব নথি জব্দ করেছেন, সাক্ষী হিসেবে তিনি তা দেখে বলতে পারেন। এ পর্যায়ে খালেদা জিয়ার পক্ষের আইনজীবী মীর মোহাম্মদ নাছির বলেন, ‘৪২ বছর আগে ওই চেয়ারে ছিলাম। আমি জানি কীভাবে সাক্ষ্য গ্রহণ করতে হয়। আমরা ন্যায়বিচার চাই।’ মাহবুব উদ্দিন বলেন, ‘এভাবে আদালত চললে আমরা আদালতে আসব না।’
আসামিপক্ষের অন্য আইনজীবীরা এ সময় হইচই শুরু করেন। এতে হট্টগোলের সৃষ্টি হয়।
আদালত বলেন, ‘আমি কেঙ্গারু কোর্টের বিচারক না। অনেক কিছুই শুনলাম।’ মোশাররফ হোসেন বলেন, বিষয়গুলো না বলাই ভালো। এরপর পরিস্থিতি শান্ত হয়। আদালত আসামিপক্ষের আপত্তির অংশটুকু সাক্ষ্য থেকে বাদ দেন। পরে আদালত সাক্ষ্য গ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেন। এরপর খালেদা জিয়া আদালত থেকে বের হন।
খালেদা জিয়ার পক্ষে শুনানিতে আরও অংশ নেন এ জে মোহাম্মদ আলী, আবদুর রেজ্জাক খান, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমদ তালুকদার, খোরশেদ আলম, মোহসীন মিয়া প্রমুখ আইনজীবী। আসামি জিয়াউল ইসলামের পক্ষে জেরা করেন আইনজীবী আমিনুল ইসলাম।
দুদকের পক্ষে আরও ছিলেন আইনজীবী মীর আবদুস সালাম, রফিকুল ইসলাম, কবীর হোসেইন, রেজাউল করিম, আশরাফুল হক প্রমুখ।