খালেদা জিয়ার ওপর হামলা হলে দায় সরকারকে নিতে হতো: নাসিম
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, শেখ হাসিনার দায়িত্ব খালেদা জিয়াকে রক্ষা করা। তাঁর ওপর যদি হামলা হতো, এর দায়ভার সরকারকেই নিতে হতো। তাঁর নিরাপত্তার কারণেই তাঁকে বের হতে দেওয়া হয়নি।
বাংলাদেশ ছাত্রলীগের ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনের বটতলায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। সন্ধ্যা পর্যন্ত এই কর্মসূচিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ২৫০ ব্যাগ রক্ত দেন।
মোহাম্মদ নাসিম বলেন, ‘একজন সাবেক প্রধানমন্ত্রী যদি রাস্তায় নেমে পড়তেন, পুলিশ হয়তো থাকবে, তাঁর সঙ্গে হয়তো কিছু লোকজনও থাকত। এর মধ্যে একজন যদি ঢুকে পড়ে তাঁকে (খালেদা জিয়াকে) আঘাত করে, তবে দায়ী হবে আমাদের সরকার। এর আগে মাননীয় প্রধানমন্ত্রীকে হত্যা করার জন্য ভাড়া করা একজন খুনি ভারতের বীরভূমে ধরা পড়ে। এর আগে শেখ হাসিনাকে হত্যা করতে গিয়ে ২১ আগস্ট ২৪ জনকে হত্যা করা হয়েছে। বাংলাদেশে যেকোনো জিনিস হতে পারে। আমাকে যদি গোয়েন্দা সংস্থা জানায়, তাদের কাছে ইনফরমেশন আছে যে একজন নেত্রীকে হত্যা করে এ দেশে গৃহযুদ্ধ সৃষ্টি করা হবে, এ দেশের গণতন্ত্রকে হত্যা করা হবে, তবে আমরা তা বিশ্বাস করব না কেন বলুন।’
মন্ত্রী বলেন, ‘একজন দায়িত্ববান নেত্রী যদি এভাবে আঘাতের সম্মুখীন হন, তবে তাঁর নিরাপত্তার দায়িত্ব আমাদের নয়কি? কার ভরসায় আমরা তাঁকে ছেড়ে দেব। তাঁর নেতা-কর্মীরা কেউ এখন নেই। এখন শেখ হাসিনার দায়িত্ব খালেদা জিয়াকে রক্ষা করা।’ তিনি বলেন, নির্বাচনের সময় খালেদা জিয়া যেভাবে পরাজিত হয়েছেন, আন্দোলনের মাঠেও তিনি পরাজিত। যুদ্ধক্ষেত্রে যখন সেনাপতি অস্ত্র হাতে নেমে যান, তখন বোঝা যায় আর কোনো সৈনিক অবশিষ্ট নেই।
ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক এ বি তাজুল ইসলাম, ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন, এনামুল হক, মাহমুদ হাসান প্রমুখ বক্তব্য দেন।