খালেদা জিয়ার কপালে দুঃখ আছে: প্রধানমন্ত্রী
অবরোধ-হরতালের নামে নাশকতা ও মানুষ হত্যা হচ্ছে বলে মন্তব্য করে এলাকায় জনগণকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য দলের সাংসদদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা।
গতকাল রোববার রাতে জাতীয় সংসদ ভবনে আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে শেখ হাসিনা এই নির্দেশ দেন বলে বৈঠকে উপস্থিত সদস্যদের সূত্রে জানা গেছে। রাত সাড়ে আটটা থেকে বৈঠক শুরু হয়ে সাড়ে নয়টা পর্যন্ত চলে। পরে গণভবনে দলীয় সাংসদদের নৈশভোজে আপ্যায়িত করেন প্রধানমন্ত্রী। সেখানেও দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতা ও সাংসদদের সঙ্গে কথা বলেন তিনি।
বৈঠকে উপস্থিত একাধিক সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী বলেন, ‘নাশকতা ও মানুষ হত্যার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কপালে দুঃখ আছে। চাইলে তাঁকে অনেক কিছুই করা যায়। তবে এ মুহূর্তে কিছুই করতে চাই না।’ তিনি বলেন, সন্ত্রাস-নাশকতা দমনে যখন যে পদক্ষেপ নেওয়া দরকার তা নেওয়া হবে। আর দলকে দলের কাজ করতে হবে।
বৈঠক সূত্র জানায়, দলীয় সাংসদদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘উনি এখন সন্ত্রাসী ও জঙ্গিবাদের নেত্রীতে পরিণত হয়েছেন। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের সঙ্গে কোনো আপস নয়।’ তিনি বলেন, ‘আমরা তাঁদের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। অবরোধ-হরতালেও জিনিসপত্রের দাম স্থিতিশীলসহ সবকিছু স্বাভাবিক আছে। আগামীতেও সক্ষম হব।’
বেশ কজন মন্ত্রী-সাংসদের সঙ্গে কথা বলে জানা যায়, বৈঠকে শেখ হাসিনা বলেন, ‘যাঁর কোনো মায়া-মমতা নেই, ছেলে হারানোর শোকও যাঁর নেই, যিনি এভাবে সেজেগুজে অন্যদের সঙ্গে দেখা করতে পারেন, যিনি প্রতিদিন আগুনে পুড়িয়ে মানুষ মারছেন, তাঁর প্রকৃত রূপ মানুষের কাছে তুলে ধরতে হবে। তাদের সন্ত্রাস, নৈরাজ্য, পেট্রলবোমা মেরে মানুষ হত্যা কথা এলাকার মসজিদ-মন্দির-গির্জাসহ উপাসনালয়ে তুলে ধরতে হবে।’
এসএসসি পরীক্ষার কথা উল্লেখ করে বৈঠকে শেখ হাসিনা বলেন, পরীক্ষা চলবে। পরীক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে এক দিন পেছানো হয়েছে। যদি পেছানো না হতো এবং যদি একজন শিক্ষার্থীরও কিছু হতো তাহলে অনেকে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তুলতেন। এসএসসি পরীক্ষা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলার আগে শামীম ওসমান বৈঠকে বলেন, পরীক্ষাকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়া ঠিক হবে না। পরীক্ষা পরীক্ষার মতো নিরাপদে হওয়াই ভালো। এ সময় প্রধানমন্ত্রী বলেন, পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্রে জনগণকে সঙ্গে নিয়ে শিক্ষার্থীরা যাতে সুষ্ঠু ও নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে, সে ব্যবস্থা করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন তাদের কাজ করবে।
বৈঠক সূত্র জানায়, দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে সাংসদেরা বলেন, পরিস্থিতি আগের তুলনায় অনেক উন্নতি হয়েছে। কিছুদিনের মধ্যে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তোফায়েল আহমেদ বলেন, কিছু ক্ষেত্রে বিঘ্ন ঘটলেও কৃষি, শিল্প, আমদানি-রপ্তানিসহ সবকিছুই স্বাভাবিক আছে। তবে বিএনপি নেত্রী দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র শুরু করেছেন, তা ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। সাংসদদের এলাকায় গিয়ে জনসম্পৃক্ততা বাড়ানোর জন্য অধিবেশন দুই সপ্তাহের জন্য মুলতবি রাখার প্রস্তাব দেন সুরঞ্জিত সেনগুপ্ত। তবে প্রধানমন্ত্রীসহ অন্য সাংসদেরা তাতে একমত হননি।
বৈঠকে আরও বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সুরঞ্জিত সেনগুপ্ত, সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহিসন আলী, মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম প্রমুখ।