এবার বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে খাবার সরবরাহ করতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি বলেছেন, তাঁর ‘শ্রমিক-কর্মচারীরা’ কাউকে খাবার নিয়ে খালেদা জিয়ার কার্যালয়ে ঢুকতে দেবে না।
গতকাল শনিবার বিকেলে বাগেরহাটের রামপাল খেয়াঘাটে উপস্থিত সাংবাদিকদের শাজাহান খান এসব কথা বলেন। তিনি বলেন, ‘একসময়ে দেখেছি সরকারের বিরুদ্ধে বিরোধী দল আন্দোলন করে। এখন দেখছি তারা জনগণের বিরুদ্ধে আন্দোলন করছে। তা না হলে পেট্রলবোমা মেরে তারা মানুষ হত্যা করছেন কেন? এটা কোনো আন্দোলন নয়, সন্ত্রাসী কার্যক্রম।’
খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার বাসার বিদ্যুৎ সরকার বিচ্ছিন্ন করেনি। আমাদের শ্রমিক-কর্মচারীরাই এটি বন্ধ করে দিয়েছে। মানুষ অবরোধ-হরতাল মানে না। খালেদা জিয়া জনগণকে প্রতিপক্ষ হিসেবে ধরে নিয়েছেন। তাই আমরা গতকাল (শুক্রবার) আমাদের শ্রমিক-কর্মচারী পেশাজীবী-মুক্তিযোদ্ধা, সাধারণ জনগণকে নিয়ে সমাবেশ করে অবরোধ প্রত্যাহার না করলে তাঁর (খালেদা জিয়া) পানি, বিদ্যুৎ বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছিলাম।’
মন্ত্রী আরও বলেন, ‘দেশ বাঁচাতে, মানুষকে বাঁচাতে আমরা এ পদক্ষেপ নিয়েছি। শুধু তা-ই নয়, তাঁর খাবারও আমরা বন্ধ করে দেব। খাবার নিয়ে সেখানে কেউ ঢুকতে পারবে না। আমার শ্রমিক-কর্মচারীরা তাঁদের হাতের টিফিন ক্যারিয়ার ছিনিয়ে নেবে। খালেদা জিয়াকে খেতে দেবে না। আমরা সব পোড়া গাড়ি নিয়ে তাঁকে ঘেরাও করব। খুব শিগগিরই এটা আপনার দেখবেন।’
মন্ত্রী ভারত-বাংলাদেশ নৌ-প্রটোকলভুক্ত মংলা-কুমারখালী-ঘষিয়াখালী চ্যানেলের খননকাজে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠানের অংশগ্রহণ উদ্বোধন করতে রামপালে এসেছিলেন। তিনি স্বাধীনতা আন্দোলনের মতো গোটা দেশের মানুষকে এখন খালেদা জিয়ার বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
শাজাহান খান বলেন, তাদের (বিএনপি) আন্দোলনে ২০১৩ সালে ৫৮ জন চালক ও চালকের সহকারী মারা গেছেন। ১৭ জন পুলিশ আর তিনজন বিজিবিকে হত্যা করা হয়েছে। দেড় বছর যেতে না যেতে আবার তা শুরু করেছে। সেই একইভাবে পেট্রলবোমা মেরে তারা ১৬ জন ড্রাইভার-হেলপার এবং ৪২ জন সাধারণ মানুষকে হত্যা করেছে।