খালেদা জিয়ার ঘটনা কেসস্টাডি হয়ে থাকবে: আমীর খসরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী
ফাইল ছবি

বিদেশে নিয়ে সুচিকিৎসার সুযোগ না দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার ঘটনা ভবিষ্যতে রাজনীতি পাঠের ক্ষেত্রে কেসস্টাডি হবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপির এই নেতা বলেন, ‘খালেদা জিয়ার জেলে যাওয়া, চিকিৎসা না পাওয়া, মৃত্যুর মুখে পতিত হওয়া কর্তৃত্ববাদী সরকারের উত্থানের এটি একটি কেসষ্টাডি। রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থীদের মধ্যে একসময় এই বিষয়ে আলোচনা হবে।’

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী, ‘খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া এবং গ্রামীণ জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এক আলোচনা সভায় আজ বুধবার এসব কথা বলেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন।

বর্তমান বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ‘আওয়ামী মডেল অব ইকনোমি’ উল্লেখ করে আমীর খসরু বলেন, একটি অনির্বাচিত সরকারের বাজেটের ওপর আলোচনা করার কোনো প্রয়োজন নেই। বর্তমান বাংলাদেশে যে অর্থনৈতিক অবস্থা চলছে, তা ‘আওয়ামী মডেল অব ইকনোমি’। সেখানে মুক্তবাজার অর্থনীতির মূলনীতি তারা ভেঙে দিয়েছে। কোনো ধরনের পরিসংখ্যানের ওপর ভিত্তি করে বাজেট দেওয়া হয় না। বাংলাদেশের পরিসংখ্যান সংস্থা বিশ্বে সবার নিচে। দেশে গোষ্ঠী অর্থনীতি তৈরি করেছে সরকার।

পদ্মা সেতুর প্রসঙ্গ টেনে আমীর খসরু বলেন, ‘পদ্মা সেতু ১০ হাজার কোটি টাকায় বানানোর কথা। তা যেভাবে ৩০ হাজার কোটি হয়ে যায়, সেভাবে বোঝা যায় বাজেট আমাদের কী দেবে।’

সভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘পদ্মা সেতু বানিয়ে পুরো দেশে তা উদ্‌যাপনের মধ্য দিয়ে মহাতামাশা শুরু হয়েছে। পদ্মা সেতুর উদ্বোধন সব জায়গা থেকে দেখাতে হবে, আনন্দ করতে হবে।

অন্যদিকে স্বাস্থ্য ও শিক্ষা খাত ধ্বংস করা হয়েছে। ক্ষুধার্ত মানুষকে অন্ধকারে রেখে কী হবে পদ্মা সেতুতে আলো জ্বালিয়ে। ক্ষুধার্ত মানুষ মেট্রোরেল কিংবা পদ্মা সেতুর আলো কীভাবে দেখবে।’

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফারুক হোসাইন। সাধারণ সম্পাদক রহমত আলীর সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।