খালেদা জিয়ার ঘাড়ে ও হাড়ে সমস্যা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। এই পরিস্থিতিতে তাঁকে বিদেশে পাঠানোর কোনো প্রয়োজনীয়তা দেখছে না মেডিকেল বোর্ড। তাঁর যেসব ওষুধ চলছে সেগুলোই চলবে। সঙ্গে তাঁকে কিছু ফিজিওথেরাপি করতে হতে পারে।
খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চার সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান মো. শামছুজ্জামান আজ মঙ্গলবার সাংবাদিকদের এ তথ্য জানান।
এই চিকিৎসক বলেন, খালেদা জিয়া আগে থেকে হাড়ের কিছু রোগে ভুগছিলেন। তাঁর দুটো হাঁটুই প্রতিস্থাপন করা হয়েছিল। সেই জায়গাতে কিছু সমস্যা দেখা দিয়েছে। কিন্তু এটা উদ্বেগ করার মতো কিছু নয়।
মো. শামছুজ্জামান আরও বলেন, ‘খালেদা জিয়ার রক্ত পরীক্ষা ও এক্স-রে’র রিপোর্ট আমরা পেয়েছি। ওঁনার এক্স-রে রিপোর্টগুলোতে দেখা যাচ্ছে ঘাড়ে ও কোমরের হাড়ে কিছুটা সমস্যা আছে। রক্তের রিপোর্টগুলো খুবই ভালো আছে, একদম নরমাল।’
এই চিকিৎসক আরও বলেন, বয়সের কারণে ওঁনার (খালেদা) এই অসুস্থতা।
গতকাল সোমবার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন কারাগার থেকে ঢাকা মেডিকেলে পৌঁছেছে। এর ভিত্তিতে আজ আলোচনায় বসেছে মেডিকেল বোর্ড। কী কী করতে হবে সেই প্রতিবেদন চূড়ান্ত করার কাজ চলছে।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছর সাজা পেয়ে কারাগারে আছেন খালেদা জিয়া। দুই মাসের মাথায় ৭ এপ্রিল তিনি চিকিৎসার জন্য কারাগারের বাইরে আসেন। নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়। সামনে ও পেছনে ছিল র্যাবের পাহারা। পুলিশের কালো রঙের একটি গাড়িতে করে তাঁকে হাসপাতালে আনা হয়।
এর আগে ১ এপ্রিল খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য গঠিত বিশেষ মেডিকেল বোর্ড কারাগারে গিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীর স্বাস্থ্য পরীক্ষা করে। পরদিন বোর্ডের সদস্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মো. শামছুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন, খালেদা জিয়া অসুস্থ, তবে গুরুতর নয়।