খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার ছলচাতুরী করছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মওদুদ আহমদ। প্রথম আলো ফাইল ছবি
মওদুদ আহমদ। প্রথম আলো ফাইল ছবি

খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে সরকার ছলচাতুরী করছে বলে অভিযোগ করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। তিনি বলেন, কারাগারে খালেদা জিয়া গুরুতর অসুস্থ। দুদিন পেরিয়ে গেলেও তাঁকে এখনো চিকিৎসকের কাছে নেওয়া হয়নি। এ অবস্থায় তাঁর শরীরের কিছু হলে দায়-দায়িত্ব এই সরকারের ওপর পড়বে। এ দেশের ১৬ কোটি মানুষ তা মেনে নেবে না। 

আজ সোমবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুরে তাঁর গ্রামের বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে মওদুদ আহমদ এসব কথা বলেন। গত দুদিন কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলার বিভিন্ন এলাকায় নেতা-কর্মীদের সঙ্গে ইফতার ও ঈদ শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে পুলিশি বাধার সম্মুখীন হওয়ার পরিপ্রেক্ষিতে এই সংবাদ সম্মেলন ডাকেন মওদুদ আহমদ।

মওদুদ বলেন, আওয়ামী লীগ সরকার দেশে ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে চায় না। তারা মনে করে, জনগণকে যদি একবার এই সুযোগ দেওয়া হয় তাহলে তারা আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করবে।

সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ অভিযোগ করেন, ‘আমি নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসন থেকে পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য। কিন্তু আজ আমাকে আমার এলাকায় সভা-সমাবেশ, গণসংযোগ করতে দেওয়া হয় না। থানার ওসিরা আমার সহকারীদের ফোন করে সভা-সমাবেশ করতে নিষেধ করেন। আমার বাড়ির চারপাশে পুলিশ দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। এসব পুলিশরা আবার আমার প্রতিবেশীদের নানাভাবে হয়রানি করছে। আমি এর তীব্র প্রতিবাদ জানাই।’

মওদুদ আহমদ আরও অভিযোগ করেন, ‘এলাকায় এসে সমাবেশ ও তৃণমূল নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করব, তা-ও পাচ্ছি না। এমনকি ইফতার পর্যন্তও করতে পারছি না। গতকাল রোববার রামপুর ইউনিয়নের ইফতারের আয়োজন করা হয় দলীয়ভাবে। আমার উপস্থিতিতে সেটা হওয়ার কথা ছিল। আমি যাওয়ার আগেই সকালে পুলিশ শামিয়ানা নামিয়ে ফেলে। চুলা ভেঙে ফেলে এবং সব আয়োজন বন্ধ করে দেয়। তারপরও আমি বিকেলে দেখতে গিয়েছিলাম। পুলিশ তাতেও বাধা দেয়।’

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই সেলিম, সাধারণ নুরুল আলম সিকদার, কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম, সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, বসুরহাট পৌর বিএনপির সভাপতি কামাল উদ্দিন চৌধুরী, কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান প্রমুখ।