খালেদা জিয়ার চ্যালেঞ্জ মিথ্যা প্রমাণিত হয়েছে: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খালেদা জিয়া আওয়ামী লীগকে চ্যালেঞ্জ দিয়েছিলেন যে গত ৫ জানুয়ারির নির্বাচন দেশ ও আন্তর্জাতিক বিশ্বে গ্রহণযোগ্য হবে না। কিন্তু তাঁর সে চ্যালেঞ্জ এখন মিথ্যা প্রমাণিত হয়েছে।
গতকাল শুক্রবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিম এ বক্তব্য এমন এক সময় দিলেন, যখন একতরফা ওই নির্বাচন নিয়ে গত বুধবার এক আলোচনা সভায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের দেওয়া বক্তব্য নিয়ে শুরু হয়েছে তুমুল বিতর্ক।
খালেদা জিয়াকে উদ্দেশ করে সম্মেলনে নাসিম আরও বলেন, ‘আপনি নির্বাচনের ট্রেন মিস করেছেন। মাঠে খেলা হয়েছিল। আপনি খেলতে পারেননি। এটা আপনার ব্যর্থতা। আর তাই এখন আপনি আবোল-তাবোল বকছেন। আবারও ২০১৯ সালে ইনশাআল্লাহ খেলা হবে। তাই দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করে ও মানুষকে অশান্তির মধ্যে না রেখে এখন থেকেই প্রস্তুতি নিন।’
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শহিদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, সাংসদ মোহাম্মদ হাবিবে মিল্লাত, তানভীর ইমাম ও সেলিনা বেগম এবং জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান।