খালেদা জিয়ার জন্মদিনে বিএনপির দোয়া মাহফিল
এবার দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জন্মদিনে কেক কাটেনি বিএনপি। দিনটি উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দলটির নেতারা বলেছেন, খালেদা জিয়া অসুস্থ, পাশাপাশি বন্যার্তদের কথা বিবেচনায় নিয়ে এবার কেক কাটার আনুষ্ঠানিকতায় যায়নি বিএনপি।
গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে বিএনপি।
দোয়া মাহফিলের সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, দেশে প্রবল আকারে বন্যা দেখা দিয়েছে। সারা দেশের অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় খালেদা জিয়া জন্মদিনের সব ধরনের আনন্দ কর্মসূচি করতে নিষেধ করেছেন। এ জন্য এদিনের অনুষ্ঠান শুধু দোয়া মাহফিল ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ রেখেছে দলটি।
পরে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
১৯৯৬ সালের পর থেকে প্রতিবছর ১৫ আগস্ট খালেদা জিয়ার জন্মদিন পালন করা হয়। ১৫ আগস্টের প্রথম ক্ষণে নেতা-কর্মীদের নিয়ে কেকও কাটতেন খালেদা জিয়া। তাঁর এই জন্মদিন পালন করা নিয়ে রাজনৈতিক অঙ্গনে বিতর্ক আছে। তবে গত বছর এবং চলতি বছর অনুষ্ঠান করেননি খালেদা জিয়া।