খালেদা জিয়ার দুর্নীতি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ ১৫ অক্টোবর

খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বৃহস্পতিবার আরও দুজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে এ মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আগামী ১৫ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন। এই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলারও বিচারকাজ চলছে।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ সাক্ষ্য দিয়েছেন সোনালী ব্যাংক প্রধানমন্ত্রী কার্যালয় শাখার সাবেক কর্মকর্তা পরিতোষ চন্দ্র দে ও আমির উদ্দিন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, খালেদা জিয়া দেশের বাইরে থাকায় আজ আদালতে হাজির হতে পারেননি। তাঁর পক্ষে করা সময়ের আবেদন আদালত মঞ্জুর করেছেন।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুদক।