খালেদা জিয়া দেশে ফেরায় জনগণ শঙ্কিত: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দেশে ফেরায় জনগণ দেশের নিরাপত্তা নিয়ে শঙ্কিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
আজ শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের এক আলোচনা সভায় তিনি এমন মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘পত্রিকায় দেখলাম বিএনপি বিবৃতি দিয়েছে তারা নাকি দেশে বেগম জিয়ার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। প্রকৃতপক্ষে বেগম জিয়া দেশে ফিরে আসাতে দেশের মানুষই তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। শুনেছি তিনি (বেগম জিয়া) নাকি লন্ডনে অনেক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন। তিনি সেখানে দেশ নিয়ে আবার কোন ষড়যন্ত্র করেছেন? দেশে আবারও আন্দোলনের নামে পেট্রলবোমার রাজনীতি শুরু করবেন কি না, এসব বিষয় নিয়ে জনগণ শঙ্কায় আছে।’

বিএনপির চেয়ারপারসনের উদ্দেশে আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, ‘আপনি এত দিন যে জঙ্গি ও সন্ত্রাসী আশ্রয়ী রাজনীতি করেছেন দয়া করে তা পরিহার করে জনগণের কাছে গিয়ে আপনার অতীতের ভুল-ভ্রান্তির জন্য ক্ষমা চান। তাহলে হয়তো আপনাকে ক্ষমা করলেও করতে পারে। এইবারতো দুই মাস লন্ডনে থেকে দেশে ফিরে এসেছেন কিন্তু যদি আপনি ক্ষমতায় যাওয়ার লোভে আবারও পেট্রলবোমার রাজনীতি শুরু করেন তবে জনগণ আপনাকে স্থায়ীভাবে বিদেশে পাঠিয়ে দেবে।’

হাছান মাহমুদ বলেন, ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে আওয়ামী লীগ সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচারকার্য প্রায় শেষ করার পর্যায়ে তখন হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টির মতো কিছু সংগঠন যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে প্রশ্ন তুলে বিবৃতি দিচ্ছে। অথচ যখন সাদ্দাম হোসেনকে যুক্তরাষ্ট্র ফাঁসি দিয়েছিল তখন তারা মুখে কুলুপ এঁটে ছিল। বোস্টন বা অন্য কোনো জায়গায় যখন সন্ত্রাসীদের হত্যা করা হয় তখন এসব সংগঠন বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে বলে কোনো বিবৃতি দেয় না।