জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় গতকাল বৃহস্পতিবার আরও তিনজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। সাক্ষ্য গ্রহণ শেষে আদালত পরবর্তী শুনানির জন্য ১০ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার এ দিন ধার্য করেন। গতকাল বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে উপস্থিত ছিলেন না। তাঁর পক্ষে হাজির ছিলেন তাঁর আইনজীবীরা। আইনজীবীরা গতকাল আদালতে খালেদা জিয়ার পক্ষে সময়ের আবেদন করেন। আদালত তা মঞ্জুর করেন।
রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা-সংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এই মামলার বিচারকাজ চলছে। একই আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলারও কার্যক্রম চলছে। তবে গতকাল এই মামলায় শুনানি হয়নি।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় গতকাল আদালতে সাক্ষ্য দেন পূবালী ব্যাংকের বৈদেশিক বাণিজ্য শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এইচ এম ইসমাইল, জনতা ব্যাংকের ঢাকা অফিসের উপব্যবস্থাপক মকবুল আহমেদ ও জনতা ব্যাংকের সাতমসজিদ রোড শাখার প্রথম সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফাহমিদা রহমান। তাঁদের সাক্ষ্য গ্রহণ শুরুর আগে আগের তারিখে সাক্ষ্য দেওয়া দুই সাক্ষী ইনসান উদ্দিন ও মো. শাহজাহানকে জেরা করেন আসামি জিয়াউল ইসলামের আইনজীবী আমিনুল ইসলাম। ইনসান উদ্দিন ও শাহজাহান সোনালী ব্যাংকের কর্মকর্তা।
এই মামলায় গতকাল পর্যন্ত সাতজনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।
গতকাল শুনানির একপর্যায়ে খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আদালতে বলেন, খালেদা জিয়ার অনুপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ করে দ্রুততার সঙ্গে বিচার কার্যক্রম শেষ করার চেষ্টা করা হচ্ছে।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-৩-এ খালেদা জিয়া, তাঁর বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ মোট নয়জনের বিরুদ্ধে মামলা দুটির অভিযোগ গঠন করা হয়।